বাইফোকাল লেন্স
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের আপত্তিকর কূটনীতি
একেএম শামসুদ্দিন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পর ভারত তাকে আশ্রয় দেয়। এরপর তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ একাধিকবার চিঠি দিলেও আনুষ্ঠানিকভাবে ভারত এখন পর্যন্ত চিঠির কোনো জবাব দেয়নি। বরং বরাবরই ভারত তার নিজস্ব মানবিক ও ঐতিহাসিক অবস্থানের কথা উল্লেখ করে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে আসছে। শেখ হাসিনাকে নিয়ে ভারতের এ অবস্থান বাংলাদেশের মানুষ মেনে নিতে পারেনি। জুলাই গণ-অভ্যুত্থানে সহস্রাধিক নাগরিক হত্যার গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও ভারত আশ্রয় দেওয়ার নামে হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে যেভাবে অস্থিতিশীল করে তুলছে, তা এ দেশের জনগণ ভালো চোখে দেখছে না। ফলে দিনদিন দুদেশের সম্পর্কের অবনতি ঘটছে।
ভারতের মাটিতে বসে শেখ হাসিনা উসকানি দিয়ে তার কর্মীদের মাধ্যমে বাংলাদেশে যে সহিংসতা চালিয়ে যাচ্ছেন, তাতে ভারত যে বলছে মানবিক কারণে হাসিনাকে আশ্রয় দিয়েছে; ভারতের এ বক্তব্যের সঙ্গে এর মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। মানবিক কারণে আশ্রয় দেওয়া এক বিষয়, আর সেই আশ্রয়কে ব্যবহার করে আশ্রিত ব্যক্তিকে অন্য একটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি প্রভাবিত করার সুযোগ দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি, উসকানিমূলক প্রচারণা কিংবা সংঘাত উসকে দেওয়া যে ভারতেরই দুরভিসন্ধিমূলক পরিকল্পনার অংশ; এ বিষয়টি এখন বোধহয় আর গোপন নেই। এটি আন্তর্জাতিক সম্পর্কের সৌজন্য, পারস্পরিক আস্থা এবং প্রতিবেশীসুলভ আচরণের সম্পূর্ণ পরিপন্থি।
২০২৬ সালের ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের ঘটনা দুই দেশের সম্পর্কে নতুন করে বিতর্ক সৃষ্টি করে। ওই অনুষ্ঠানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের বিরুদ্ধে তার বক্তব্য বাংলাদেশের জনগণের কাছে মোটেই গ্রহণযোগ্য ছিল না। ঢাকা এ ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে। একজন ক্ষমতাচ্যুত ও শিশুসহ সহস্রাধিক মানুষ হত্যার অভিযোগে অভিযুক্ত ব্যক্তি কীভাবে ভারতের ভূখণ্ড থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার উসকানি দিয়ে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সুযোগ পায়? ভারত যতই দাবি করুক অনুষ্ঠানটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজন এবং ভারত সরকার এতে সম্পৃক্ত ছিল না; ভারতের এ দাবি, ভারত-বাংলাদেশ রাজনীতির ন্যূনতম খোঁজখবর যারা রাখেন, তারা কেউই বিশ্বাস করেননি।
একটি সার্বভৌম রাষ্ট্রে অনুষ্ঠিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনের দায়ে দণ্ডিত ব্যক্তি; ভারত সরকারের অনুমোদন ছাড়াই প্রকাশ্যে ভার্চুয়াল সংবাদমাধ্যমে এমন বক্তব্য দিতে পারেন, এটিও বিশ্বাসযোগ্য নয়। ভারতের দাবি বিবেচনায় নিলেও প্রশ্ন থেকে যায় : একটি প্রতিবেশী দেশের রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল পরিস্থিতিতে এমন ঘটনা ঘটলে তার কূটনৈতিক ও রাজনৈতিক প্রভাব সম্পর্কে ভারতের সংশ্লিষ্ট পক্ষগুলো কি যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা পালন করছে?
প্রশ্ন হচ্ছে, উপরে উল্লিখিত প্রেক্ষাপট যদি সম্পূর্ণ উলটো হতো, তাহলে ভারতের প্রতিক্রিয়া কী হতো? ভারতের কোনো ক্ষমতাচ্যুত শীর্ষ রাজনৈতিক নেতা গুরুতর সংকটের মুখে বাংলাদেশে আশ্রয় নিলেন। এরপর তিনি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের বর্তমান সরকার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কিংবা রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে নিয়মিত বক্তব্য দিতে শুরু করলেন। তার বক্তব্যে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হলো, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী উৎসাহিত হলো এবং ভারত সরকারের বিরুদ্ধে প্রচারণা চলতে থাকল। তাহলে? ভারত কি তখন বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ অথবা ভারতীয় ওই শীর্ষ রাজনৈতিক নেতার ব্যক্তিগত ব্যাপার বলে মেনে নিত?
বাস্তবতা হচ্ছে, ভারত তার জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে অত্যন্ত সংবেদনশীল। বাংলাদেশের মাটি থেকে ভারতের বিরুদ্ধে নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কার্যক্রম পরিচালিত হলে নয়াদিল্লি নিশ্চয়ই কঠোর আপত্তি জানাবে। কূটনৈতিক প্রতিবাদ, রাজনৈতিক চাপ এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টিও সামনে চলে আসবে। অতীতে ভারতের অনুরূপ উদাহরণও রয়েছে।
১৯৯৭ সালের ২১ ডিসেম্বর শেখ হাসিনার শাসনামলেই ঢাকায় উলফার সাধারণ সম্পাদক অনুপ চেটিয়া ও তার দুই সহযোগীকে বাংলাদেশ পুলিশ গ্রেফতার করে। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, জাল পাসপোর্ট ব্যবহার এবং অবৈধ বৈদেশিক মুদ্রা রাখার অভিযোগে বাংলাদেশের আদালত তাকে সাত বছরের কারাদণ্ড দেন। কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ার পরও রাজনৈতিক আশ্রয়ের আবেদন এবং বাংলাদেশের হাইকোর্টের নির্দেশনার কারণে তিনি কারাগারে আটক ছিলেন।
এ ঘটনায় ভারত সরকার নীরব থাকেনি। বরং অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য দিল্লি ধারাবাহিকভাবে ঢাকার ওপর কূটনৈতিক চাপ প্রয়োগ করে গেছে। ভারতের সংসদেও বিষয়টি উত্থাপিত হয়েছে। ১৯৯৮ সালে ভারতের লোকসভায় সংসদ-সদস্যরা অনুপ চেটিয়াকে বাংলাদেশের আশ্রয়ে থাকা ভারতের জন্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা উদ্বেগ হিসাবে উল্লেখ করে তাকে ফিরিয়ে নেওয়ার দাবিও জানিয়েছেন। পরবর্তী সময়ে ঢাকায় দুই দেশের স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের আগে অনুপ চেটিয়ার ঢাকায় অবস্থানের (কারাগারে) বিষয়ে এক বিবৃতির মাধ্যমে উদ্বেগ প্রকাশ করে ঢাকায় নিযুক্ত তৎকালীন ভারতীয় হাইকমিশনার বীণা সিক্রি; যিনি এখন প্রায়ই শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ নিয়ে বিভিন্ন মিডিয়ায় বিবৃতি দিয়ে যাচ্ছেন তিনি, অনুপ চেটিয়ার বিষয়টিকেও বৈঠকের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করে প্রত্যর্পণের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন।
অন্যদিকে, উলফার সামরিক প্রধান পরেশ বড়ুয়া বাংলাদেশে অবস্থান করছেন এমন অভিযোগ তুলে ভারত ২০০৭ ও ২০০৮ সালে একাধিকবার বাংলাদেশের কাছে তাকে গ্রেফতার ও হস্তান্তরের দাবি জানিয়েছিল। এ ধরনের ব্যক্তিদের হস্তান্তরের জন্য ২০১৩ সালের আগ পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি ছিল না। অবশেষে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর ২০১৫ সালে অনুপ চেটিয়াসহ সবাইকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনা একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বাস্তবতা মনে করিয়ে দেয়; তা হলো, ভারত নিজের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে অন্য দেশের ভূখণ্ডে আশ্রিত কিংবা কারাবন্দি ভারতীয় নেতাদের তৎপরতাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। তাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ সরকারের কাছে বারবার প্রতিবাদ জানিয়ে প্রত্যর্পণের দাবি করতে পারে এবং দ্বিপক্ষীয় আলোচনায় বিষয়টিকে অগ্রাধিকার দিতে এতটুকু পিছপা হয় না। অথচ বংলাদেশের বেলায় অনুরূপ ঘটনার ক্ষেত্রে ভারতের ভূমিকা হয় সম্পূর্ণ বিপরীত।
অতএব, বাংলাদেশের মানুষ বলতেই পারে; ভারত যদি নিজের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রশ্নে এতটা সংবেদনশীল হয়, তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে ভারতের ভূখণ্ড ব্যবহৃত হওয়া নিয়ে বাংলাদেশের উদ্বেগকেও একই গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।
আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা ও সমতা। কোনো রাষ্ট্রের আয়তন, অর্থনীতি, সামরিক শক্তি কিংবা আন্তর্জাতিক প্রভাব বেশি হলেই অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর তার বিশেষ অধিকার তৈরি হয় না। বাংলাদেশ ছোট রাষ্ট্র হতে পারে, কিন্তু তার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা ভারতের মতোই গুরুত্বপূর্ণ। ভারত নিজের জন্য যে অধিকার ও নিরাপত্তা প্রত্যাশা করে, বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই অধিকার ও নিরাপত্তাকে সম্মান করতে হবে।
শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অন্যতম বড় বিরোধ হচ্ছে প্রত্যর্পণ ইস্যু। আগেই উল্লেখ করেছি, বাংলাদেশ সরকার শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার বিচারিক প্রক্রিয়ার পর তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড প্রদান করে। ভারত জানিয়েছে, বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধ তারা সংশ্লিষ্ট আইন ও প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারতের সংসদীয় পররাষ্ট্রবিষয়ক কমিটির কাছে দেওয়া সরকারি জবাবেও বিষয়টি আইনি প্রক্রিয়াধীন বলে উল্লেখ করা হয়েছে।
এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া প্রয়োজন। প্রত্যর্পণ কোনো আবেগনির্ভর বিষয় নয়। এটি দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি, সংশ্লিষ্ট আইন, মানবাধিকার এবং ন্যায়বিচারের আন্তর্জাতিক মানদণ্ডের আলোকে বিবেচিত। বাংলাদেশও বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করার চেষ্টা করে যাচ্ছে। একইভাবে ভারতের দায়িত্ব হচ্ছে, বাংলাদেশের আনুষ্ঠানিক অনুরোধকে অনির্দিষ্টকাল ঝুলিয়ে না রেখে যুক্তিসংগত সময়ে সুস্পষ্ট অবস্থান জানানো। বিচার নিয়ে শেখ হাসিনার প্রশ্ন থাকতে পারে, তার আত্মপক্ষ সমর্থনের অধিকার থাকতে পারে। কিন্তু এসব প্রশ্নের সমাধান হওয়া উচিত আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায়, রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে নয়।
বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের জনগণের বিষয়। এখানে জনগণের রাজনৈতিক অংশগ্রহণ, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাষ্ট্র পরিচালনার অধিকার একান্তই বাংলাদেশের জনগণের ইচ্ছার ওপর নির্ভরশীল। অতীতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের ধরন নিয়ে বহু বিতর্ক হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে ভারতের অতিরিক্ত ঘনিষ্ঠতা কিংবা আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক শক্তির প্রতি সন্দেহপ্রবণ মনোভাব বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারত সম্পর্কে নানা ধারণা তৈরি করেছে।
এখানে মনে রাখা প্রয়োজন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা পরিবর্তনশীল। কোনো দল দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে, আবার জনগণের রাজনৈতিক সিদ্ধান্তে সে দলের ক্ষমতার অবসানও ঘটতে পারে। এটি গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক প্রক্রিয়া। ভারতের নীতিনির্ধারকদের বুঝতে হবে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মানে শুধু আওয়ামী লীগ বা শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নয়। বাংলাদেশের জনগণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সম্পর্কই হওয়া উচিত দ্বিপক্ষীয় সম্পর্কের মূল ভিত্তি। কোনো একজন নেতার রাজনৈতিক ভবিষ্যৎকে কেন্দ্র করে দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্ক পরিচালিত হলে তা উভয় দেশের জন্যই ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাংলাদেশের জনগণের রাজনৈতিক পছন্দকে বাইরে থেকে প্রভাবিত করার চেষ্টা করা হলে তার প্রতিক্রিয়া শুধু একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তা দুই দেশের সাধারণ মানুষের পারস্পরিক আস্থা ও সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়। ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অর্থ এই নয় যে, তা ভারতবিরোধী অবস্থান। জাতীয় স্বার্থ রক্ষার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে দায়িত্বশীল কূটনীতি, দৃঢ় অবস্থান এবং বাস্তবভিত্তিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। বাংলাদেশের উচিত কোনো ধরনের উসকানিতে পা না দেওয়া।
বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বের সম্পর্ক নষ্ট হোক, তা কোনো পক্ষই চায় না। কিন্তু এ বন্ধুত্বের অর্থ অন্যের রাজনৈতিক সিদ্ধান্ত মেনে নেওয়ার বাধ্যবাধকতা নয়। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার অর্থ নিজের জাতীয় স্বার্থ বিসর্জন দেওয়াও নয়। ভারতের নীতিনির্ধারকদের উপলব্ধি করতে হবে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কোনো ধরনের প্রভাব বিস্তার, দ্বৈত মানদণ্ড কিংবা রাজনৈতিক পক্ষপাতের ধারণা দুই দেশের সম্পর্কের জন্য কোনোদিনও ইতিবাচক হতে পারে না।
মনে রাখতে হবে, অতীতে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলে বর্তমানের সব প্রশ্ন এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বন্ধুত্ব কখনো একতরফা হতে পারে না। একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব, রাজনৈতিক স্বাধীনতা ও জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সম্মান করবে; এটাই আন্তর্জাতিক সম্পর্কের স্বাভাবিক প্রত্যাশা। সেই জায়গা থেকেই আজ বাংলাদেশের মানুষের মনে ভারত সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি হয়েছে।
বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র। এ দেশের জনগণের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে এখানকার জনগণই। ভারতের সঙ্গে বন্ধুত্ব থাকবে, সহযোগিতা থাকবে, পারস্পরিক স্বার্থের সম্পর্ক থাকবে। কিন্তু বাংলাদেশের আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করে নয়।
একেএম শামসুদ্দিন : অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা
