সামরিক আধুনিকায়ন ও বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা
আলমগীর হোসেন
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
একটা সময় ছিল, যখন যুদ্ধের বিষয় সামনে এলে প্রথমেই হিসাব করা হতো সৈন্য সংখ্যা কার কতজন। কিন্তু সে সময়টা এখন অনেক বদলে গেছে। আধুনিক এ সময়ে বদলে গেছে গতানুগতিক সেই যুদ্ধ বা সামরিক কলাকৌশল। এখন সৈন্য সংখ্যা নয়, বরং সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সামরিক খাতে প্রযুক্তিগত উন্নয়ন ও অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের দিকে। গুরুত্ব দেওয়া হচ্ছে-দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, আধুনিক ড্রোন, রোবট যোদ্ধা, অত্যাধুনিক যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, সাবমেরিন, টর্পেডোসহ আগামীর চ্যালেঞ্জিং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো সামরিক যুদ্ধ-সরঞ্জামের সক্ষমতায়। ঠিক একইভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমানবাহিনী) সময়ের সঙ্গে তালমিলিয়ে সক্ষমতার পাল্লায় এগিয়ে যেতে হবে। সম্ভব হলে সময়ের চেয়েও এগিয়ে থাকার পরিকল্পনা বা চিন্তাধারা নিয়ে কাজ করতে হবে সংশ্লিষ্টদের।
বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর আধুনিকায়ন প্রক্রিয়ায় গত এক যুগে বেশকিছু দৃশ্যমান অগ্রগতি হয়েছে। যেমন : নৌবাহিনীতে সাবমেরিন সংযোজন ও ফ্রিগেট-কর্ভেট বহরের সম্প্রসারণ, বিমানবাহিনীতে আধুনিক যুদ্ধবিমান, রাডার ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থার উন্নয়ন এবং সেনাবাহিনীতে সাঁজোয়া যান, আর্টিলারি ও বিশেষায়িত ইউনিটের সক্ষমতা বাড়ানো। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের দীর্ঘদিনের সক্রিয় ও শীর্ষস্থানীয় ভূমিকা আমাদের বাহিনীগুলোর পেশাদারি ও আন্তর্জাতিক মানের প্রতি আস্থার প্রমাণ দেয়। আধুনিক প্রযুক্তিনির্ভর মিশনে টিকে থাকতে হলে শান্তিরক্ষা এবং জাতীয় প্রতিরক্ষা-উভয় ক্ষেত্রেই যৌথ অভিযানের সক্ষমতা বাড়ানো জরুরি। এখন দরকার বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে অন্য যে কারোর সঙ্গে চোখে চোখ রেখে চলার সক্ষমতা অর্জন করা।
যদিও দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাহিনীতে রূপান্তরের প্রয়াস সাম্প্রতিক সময়ে বেশ খানিকটা গতি পেয়েছে। তবে ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সামরিক আধুনিকায়নকে নিছক সরঞ্জাম কেনার মধ্যে সীমাবদ্ধ না রেখে কৌশলগত ডকট্রিন, দেশীয় প্রতিরক্ষা শিল্প, সাইবার ও মহাকাশ সক্ষমতা, মানবসম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক ভারসাম্যের সঙ্গে সমন্বিত করতে হবে। কেননা সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন কোনো আগ্রাসী মনোভাবের বহিঃপ্রকাশ নয়; বরং এটি সার্বভৌমত্ব রক্ষা, শান্তি স্থাপন এবং জাতীয় স্বার্থ সুরক্ষার একটি অপরিহার্য রাষ্ট্রীয় কৌশল।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকার বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে প্রযুক্তিনির্ভর ও চতুর্মাত্রিক বাহিনী হিসাবে গড়ে তুলতে একটি সমন্বিত আধুনিকায়ন রূপরেখা গ্রহণ করেছে। এর আওতায় আগামী এক দশকে উল্লেখযোগ্য সংখ্যক নতুন যুদ্ধবিমান, সাবমেরিন, ফ্রিগেট, ট্যাংক এবং ড্রোন, অ্যান্টি-ড্রোন, স্যাটেলাইট নজরদারি, সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া বর্তমান সরকারের অত্যন্ত প্রশংসনীয় এবং স্বনির্ভরমূলক উদ্যোগ হচ্ছে-‘মেড ইন বাংলাদেশ’ বা বাংলাদেশে তৈরি। এ উদ্যোগের অধীনে দেশীয় প্রতিরক্ষাশিল্প গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ১১ সদস্যের জাতীয় প্রতিরক্ষাশিল্প কমিটি গঠন, দ্বিতীয় সমরাস্ত্র কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশেই সামরিক সরঞ্জাম উৎপাদনের প্রধান উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন হলে স্বাভাবিকভাবেই বিদেশ থেকে সামরিক যুদ্ধ-সরঞ্জাম আমদানিনির্ভরতা অনেকাংশে কমে যাবে, ফলে বিশাল অঙ্কের রাষ্ট্রীয় খরচও কমে আসবে।
এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে-বাংলাদেশ যখনই অত্যাধুনিক সামরিক অস্ত্র, সরঞ্জাম নিজেদের জন্য তৈরি করতে পারবে, তখন বহির্বিশ্বের কাছে সক্ষমতার দৃঢ় জায়গাও প্রতিষ্ঠিত হবে। কারণ সামরিক সক্ষমতার দুর্বলতা থাকলে বা প্রকাশ পেলে সাধারণত প্রতিবেশী রাষ্ট্রগুলো এবং পরাশক্তিগুলো নানা কায়দায় সেসব দেশকে ‘দমিয়ে’ রাখার চেষ্টা চালিয়ে থাকে। তাই প্রতিরক্ষাশিল্পে বর্তমান সরকারের স্বনির্ভরতা ও সক্ষমতা বৃদ্ধির এ উদ্যোগ বাস্তবায়িত হলে নিঃসন্দেহে আগামী দিনে বাংলাদেশকে যে কেউ আরও মর্যাদার চোখে দেখতে বাধ্য হবে।
তাছাড়া রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি থাকা সংবিধানসম্মত দায়িত্ব। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সাম্প্রতিক প্রতিবেদনগুলো এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) ‘দ্য মিলিটারি ব্যালেন্স’ নামক প্রকাশনায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সামরিক ব্যয় ও সক্ষমতা বৃদ্ধির প্রবণতা বিশ্লেষণ করা হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষণে যেখানে দেখানো হয়েছে, এ অঞ্চলে নৌ-সক্ষমতা, আকাশ প্রতিরক্ষা, নজরদারিব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর যুদ্ধকৌশলে বিনিয়োগ ক্রমান্বয়ে বাড়ছে।
বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তার অন্যতম প্রধান নিয়ামক হলো বঙ্গোপসাগর। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং ওয়ার্ল্ড ব্যাংকের ব্লু ইকোনমিবিষয়ক বিভিন্ন বিশ্লেষণে সমুদ্র সম্পদের টেকসই ব্যবহার, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা এবং গভীর সমুদ্রে মৎস্য ও খনিজসম্পদ অনুসন্ধানের সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে। কিন্তু সমুদ্রসীমায় অর্থনৈতিক কর্মকাণ্ড যত বাড়বে, ততই বাড়বে সামুদ্রিক নিরাপত্তার প্রশ্ন, যার মধ্যে রয়েছে অবৈধ মৎস্য আহরণ, সমুদ্রপথে চোরাচালান, জলদস্যুতা, সামুদ্রিক দূষণ এবং আঞ্চলিক নৌ-প্রতিদ্বন্দ্বিতার সম্ভাব্য অভিঘাত। সমুদ্রপৃষ্ঠের ওপরের যুদ্ধজাহাজের পাশাপাশি পানির নিচের নিরাপত্তা, উপকূলীয় রাডার নেটওয়ার্ক এবং সামুদ্রিক টহল বিমান বা ড্রোনের সমন্বিত ব্যবহার ছাড়া বিশাল সমুদ্রসীমার কার্যকর সুরক্ষা কঠিন। ভবিষ্যতের সামরিক আধুনিকায়নে তাই সমুদ্রসীমার ‘ডোমেইন অ্যাওয়ারনেস’ বা সামুদ্রিক পরিস্থিতি তাৎক্ষণিকভাবে বোঝার প্রযুক্তিগত সক্ষমতা অর্জনকে অগ্রাধিকার দিতে হবে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার অভিযান, জরুরি ত্রাণ বিতরণ এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীসহ সশস্ত্র বাহিনীর দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বৃদ্ধির বিষয়টিও অত্যন্ত প্রাসঙ্গিক। এজন্যই দেশীয় প্রতিরক্ষা শিল্প ও দ্বৈত ব্যবহার প্রযুক্তির দিকে বিশেষ মনোযোগ দিতে হবে সরকারকে। বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরিজের অভিজ্ঞতাকে ভিত্তি করে ধাপে ধাপে দেশীয় উৎপাদন, মেরামত ও সংস্কারের সক্ষমতা বাড়ানো গেলে বৈদেশিক মুদ্রার যেমন সাশ্রয় হবে, তেমনি জরুরি সময়ে সরবরাহ ঝুঁকিও কমে যাবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি, সফটওয়্যার, ড্রোন অ্যাসেম্বলি, রোবোটিক্স ও উপকরণ বিজ্ঞানে বেসামরিক বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সশস্ত্র বাহিনীর যৌথ গবেষণা ভবিষ্যতের জন্য বড় ভিত্তি তৈরি করতে পারে। এছাড়া আধুনিক অস্ত্র ও প্রযুক্তির পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ হলো সেই প্রযুক্তি পরিচালনা, বিশ্লেষণ ও কৌশলগত নেতৃত্ব দেওয়ার সক্ষমতা। অফিসার ও অন্যান্য পদবির সদস্যদের কারিগরি শিক্ষা, ভাষাজ্ঞান, কৌশলগত বিশ্লেষণ, সাইবার ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, পেশাদারি এবং নৈতিকতা উন্নয়নে অধিক গুরুত্ব দিতে হবে, যা সশস্ত্র বাহিনীকে ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রাখবে।
আধুনিক যুদ্ধের সংজ্ঞা দ্রুত বদলে যাচ্ছে। শুধু ট্যাংক, কামান বা যুদ্ধজাহাজের সংখ্যার চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তথ্যপ্রবাহের নিয়ন্ত্রণ, সাইবার প্রতিরক্ষা, মনুষ্যবিহীন আকাশযান বা ইউএভি ড্রোন), ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক সিদ্ধান্ত সহায়তা ব্যবস্থা। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) গ্লোবাল সাইবার সিকিউরিটি ইনডেক্স এবং বৈশ্বিক নিরাপত্তা থিংকট্যাংকগুলোর গবেষণা বলছে, রাষ্ট্রীয় ও অ-রাষ্ট্রীয় পক্ষ এখন প্রচলিত সামরিক সংঘাতের আগেই বা তার বিকল্প হিসাবে সাইবার হামলা, অবকাঠামোগত নাশকতা এবং তথ্যযুদ্ধ বা ডিজইনফরমেশন ব্যবহার করছে। এভাবে পুরোনো একমেরুকেন্দ্রিক বা দ্বিমেরুকেন্দ্রিক নিরাপত্তার ছক ভেঙে নতুন বহু-মেরুকেন্দ্রিক সমীকরণ তৈরি হয়েছে। বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরীয় অঞ্চল আজ বৈশ্বিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ এবং সামরিক কৌশলের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একইভাবে দেশের এক দশমাংশ আয়তনের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল (সিএইচটি), কক্সবাজারের সীমান্ত অঞ্চলসহ বিভিন্ন অঞ্চলে সামরিক সক্ষমতা ও অত্যাধুনিক ব্যবস্থা জোরদার করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে।
একুশ শতকের তৃতীয় দশকে এসে বিশ্বব্যবস্থা এক গভীর ভূরাজনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ একদিকে যেমন বিশাল সম্ভাবনার দুয়ারে দাঁড়িয়ে, অন্যদিকে বহুমুখী অপ্রচলিত ও প্রচলিত নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন। পাশাপাশি সমুদ্রসীমা জয় (২০১২ সালে মিয়ানমারের বিরুদ্ধে এবং ২০১৪ সালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায়) বাংলাদেশের সামুদ্রিক সম্পদ ও সার্বভৌমত্বের পরিধি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ফলে প্রতিরক্ষা শিল্প গড়া বা সামরিক সক্ষমতা বাড়ানো এখন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তথা এই জাতির মর্যাদা নিশ্চিত করার জন্য অপরিহার্য। শক্তিশালী ও আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা যেমন সার্বভৌমত্বের নিশ্চয়তা দেয়, তেমনই স্থিতিশীল ও নিরাপদ পরিবেশই টেকসই অর্থনৈতিক উন্নয়নের প্রধান পূর্বশর্ত।
আলমগীর হোসেন : সভাপতি, ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)
