Logo
Logo
×

Advertisement

বাতায়ন

বাইফোকাল লেন্স

হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে ভারতের নতুন রাজনৈতিক চাল

Icon

একেএম শামসুদ্দিন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি হচ্ছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণ। বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানোর পরও ভারত এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং ভারতের দীর্ঘ নীরবতা, কূটনৈতিক বক্তব্যের অস্পষ্টতা এবং সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত কিছু বক্তব্য নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। ভারত কি শুধু প্রত্যর্পণ প্রশ্নে সময়ক্ষেপণ করছে, নাকি এর পেছনে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করার বৃহত্তর কোনো কৌশল কাজ করছে?

রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, বিষয়টিকে শুধু হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত আইনি জটিলতা হিসাবে দেখলে ভুল হবে। এর সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক বিন্যাস, ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষমতার ভারসাম্য এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সম্পর্কের প্রশ্নও গভীরভাবে জড়িত।

সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমের ভারতীয় সাংবাদিকের বক্তব্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে কয়েকটি শর্তের প্রসঙ্গ উঠে এসেছে। আলোচনায় দুটি শর্তের কথা বলা হয়েছে। প্রথমত, হাসিনাকে সামরিক উড়োজাহাজে করে বাংলাদেশে নিয়ে যেতে হবে এবং বাংলাদেশের সেনাবাহিনীকে তার নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। দ্বিতীয়ত, বাংলাদেশে তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নিশ্চিত করতে হবে অথবা নতুন করে বিচারপ্রক্রিয়া শুরু করতে হবে। পাশাপাশি বিচারপ্রক্রিয়ায় বিদেশি আইনজীবী ও আন্তর্জাতিক প্রতিনিধিদের উপস্থিতির বিষয়টিও নিশ্চিত করতে হবে।

এসব বক্তব্যকে ভারতের আনুষ্ঠানিক অবস্থান হিসাবে বিবেচনা করার সুযোগ নেই। ভারত সরকার কিংবা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এমন কোনো শর্ত বাংলাদেশের কাছে উপস্থাপনও করেনি। বরং প্রশ্ন হচ্ছে, ভারত সরকার যদি সত্যিই এ ধরনের কোনো চিন্তা করে থাকে, তাহলে তা সরাসরি কূটনৈতিক চ্যানেলে প্রকাশ না করে আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনায় আসার প্রয়োজন পড়ল কেন?

রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, এটি হতে পারে এক ধরনের পরোক্ষ কূটনৈতিক বার্তা দেওয়ার কৌশল। কারণ, ভারত সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া পরিবর্তনের দাবি জানাতে পারে না; জানালে তা বাংলাদেশের সার্বভৌমত্ব ও বিচারব্যবস্থার ওপর সরাসরি হস্তক্ষেপ হিসাবে বিবেচিত হতে পারে। একজন খুনের দায়ে অভিযুক্ত ব্যক্তি; অতীত পরিচয় যাই থাকুক; তার নিরাপত্তা, বিচার ও আপিলের অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করা এক বিষয়; কিন্তু সেই উদ্বেগকে বাংলাদেশের বিচারিক সিদ্ধান্ত পরিবর্তনের শর্তে রূপ দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়।

এ কথা ঠিক, একজন সাংবাদিকের বক্তব্য বা সাক্ষাৎকারকে সরাসরি ভারত সরকারের অবস্থান বলে ধরে নেওয়াও ঠিক হবে না। তবে সাক্ষাৎকারের প্রশ্নের ধরন, আলোচনার বিষয়বস্তু এবং সুনির্দিষ্ট শর্তের প্রসঙ্গ সামনে আসার পর রাজনৈতিক মহলে এমন ধারণা তৈরি হয়েছে, ভারত যা সরাসরি বলতে পারছে না, তা আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনার মাধ্যমে জানিয়ে দেওয়া হলো। অর্থাৎ, ভারত আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দিতে না পারলেও অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে সেই শর্তগুলোর গ্রহণযোগ্যতার পরিবেশ তৈরির চেষ্টা করেছে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। এখানে লক্ষণীয়, গণমাধ্যমটির সাংবাদিক শর্তগুলো সম্পর্কে বলতে গিয়ে পুনর্বার ভারত সরকারের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সূত্রের কথা উল্লেখ করেছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া এবং তার প্রত্যর্পণের প্রশ্নটি বাংলাদেশের অভ্যন্তরীণ আইনি ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তার শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ড, মানবাধিকার লঙ্ঘন এবং জুলাই-আগস্টের সহিংসতার দায় নির্ধারণের প্রশ্ন বাংলাদেশের জনগণের কাছে অত্যন্ত সংবেদনশীল। এসব অভিযোগের বিচার ও জবাবদিহি নিশ্চিত করার দাবি কোনো একটি রাজনৈতিক দলের একক দাবি নয়; ভুক্তভোগী পরিবারসহ দেশের নাগরিকদের দাবি। এটি রাষ্ট্রের বিচারিক দায়বদ্ধতার সঙ্গেও সম্পর্কিত।

এখানে একটি মৌলিক বিষয় মনে রাখা প্রয়োজন। কোনো অভিযুক্ত ব্যক্তি বা দণ্ডিত ব্যক্তির ন্যায়বিচার পাওয়ার অধিকার থাকতে পারে। আপিলের সুযোগ, আত্মপক্ষ সমর্থন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিচারিক মানদণ্ড নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু সেই অধিকার নিশ্চিত করার বিষয়টি আরেকটি রাষ্ট্রের রাজনৈতিক শর্ত মেনে বাংলাদেশের বিচারব্যবস্থাকে পরিচালনা করার বিষয় এক নয়। বিশেষ করে কোনো বিচারিক রায় হয়ে যাওয়ার পর সেটি বাতিল করে নতুন করে বিচার শুরু করার প্রশ্নটি বাংলাদেশের প্রচলিত আইন ও সাংবিধানিক কাঠামোর আলোকে বিবেচিত হতে হবে। কোনো বিদেশি রাষ্ট্রের প্রত্যাশা বা রাজনৈতিক চাপের ভিত্তিতে বিচারিক প্রক্রিয়ার গতিপথ নির্ধারিত হতে পারে না।

ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ফলে প্রত্যর্পণ দুদেশের দায়িত্ব ও বাধ্যবাধকতা চুক্তি এবং প্রযোজ্য আইনের আলোকে নির্ধারিত হওয়া উচিত। বাংলাদেশ সরকারও সেই কথাই বারবার বলে আসছে। ভারত যদি কোনো আইনি আপত্তি বা চুক্তিগত ব্যাখ্যা দিতে চায়, তাহলে সেটি আনুষ্ঠানিকভাবে জানানোই কূটনৈতিক শিষ্টাচার। দীর্ঘদিন নীরব থেকে আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনায় বিভিন্ন শর্তের প্রসঙ্গ সামনে নিয়ে আসা স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষের মনে সন্দেহ তৈরি করতে পারে।

শেখ হাসিনার আইনানুগ প্রত্যর্পণ প্রশ্নের পাশাপাশি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার ঘোষণা এবং এ ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী জঙ্গিদের দিয়ে দেশের অভ্যন্তরে বোমাবাজি ও জ্বালাও-পোড়াও করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা ভারতের রাজনৈতিক কৌশলেরই বৃহত্তর অংশ। তাদের উদ্দেশ্য, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান অবিশ্বাস, পারস্পরিক সন্দেহ এবং বিভক্তিকে কাজে লাগিয়ে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে সরকারের ওপর এমন চাপ সৃষ্টি করা, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক বৈঠকে বসার পরিবেশ তৈরি হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের আশঙ্কা, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস বাড়তে থাকলে সেই পরিস্থিতি থেকে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ তৈরি হতে পারে। কারণ, রাজনৈতিক শক্তিগুলো যদি নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে ব্যর্থ হয়, তাহলে রাজনৈতিকভাবে সংগঠিত হওয়ার সুযোগ পাবে সেই শক্তিগুলো, যারা বর্তমানে জনসমর্থনের সংকটে রয়েছে।

সাম্প্রতিক সময়ে জামায়াতের সম্ভাব্য নির্বাচনি উত্থান নিয়ে অতিরঞ্জিত প্রচার, বিএনপি ও জামায়াতের মধ্যে অবিশ্বাস তৈরির চেষ্টা এবং বিভিন্ন স্পর্শকাতর বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধির প্রবণতা লক্ষণীয়। এদেশের অনেকেই এসব প্রচারণার পেছনে একটি বিদেশি সংস্থার সরাসরি জড়িত থাকার ধারণা পোষণ করেন।

বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব বাড়ানো গেলে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ফিরে আসার পথ তুলনামূলক সহজ হতে পারে। কারণ, আওয়ামী লীগের সংগঠিত রাজনৈতিক কাঠামো, দীর্ঘদিনের প্রশাসনিক ও রাজনৈতিক নেটওয়ার্ক এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় প্রচারব্যবস্থা এখনো পুরোপুরি বিলুপ্ত হয়নি। এমতাবস্থায় বিএনপি ও জামায়াত যদি একে অপরকে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করতে শুরু করে, তাহলে গণতান্ত্রিক রূপান্তর, বিচার ও রাষ্ট্র সংস্কারের মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রশ্নগুলো পেছনে পড়ে যাবে।

রাজনৈতিক শক্তিগুলো যখন নিজেদের রাজনৈতিক স্বার্থ জাতীয় স্বার্থের চেয়ে বড় করে দেখে, তখন বাইরের শক্তির জন্য প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এ ঝুঁকিটি বিশেষভাবে বিবেচনা করতে হবে।

বাংলাদেশ বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এ মুহূর্তে যা সবচেয়ে বেশি জরুরি, তা হলো জাতীয় ঐক্য। মনে রাখতে হবে ঐক্যবদ্ধ জাতির বিরুদ্ধে অপশক্তির যে কোনো কূটকৌশল ভন্ডুল হতে বাধ্য। এজন্য জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের সব রাজনৈতিক দলের মধ্যে অন্তত কয়েকটি মৌলিক বিষয়ে সমঝোতা থাকা প্রয়োজন।

বিএনপি, জামায়াতসহ রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে, পারস্পরিক রাজনৈতিক প্রতিযোগিতা থাকলেও জাতীয় স্বার্থের প্রশ্নে ঐক্য অপরিহার্য। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকতে পারে; কিন্তু রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে কোনো বিভক্তি গ্রহণযোগ্য হতে পারে না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপপ্রচার, উসকানি ও বিভ্রান্তিকর রাজনৈতিক প্রচারণা সম্পর্কে রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে। কোনো বক্তব্য বা প্রচারণার সত্যতা যাচাই না করে একে অপরকে শত্রু হিসাবে বিবেচনা করা উচিত হবে না।

শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশের রাজনীতিতে একটি স্থায়ী চাপের বিষয় হয়ে উঠেছে। তার বক্তব্য, রাজনৈতিক তৎপরতা এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অবস্থান বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। ভারত যদি মনে করে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতাকে প্রভাবিত করা সম্ভব, তাহলে সেটি হবে তাদের রাজনৈতিক ভুল।

বাংলাদেশের জনগণের একটি বড় অংশ শেখ হাসিনার শাসনামলের মানবাধিকার লঙ্ঘন ও হত্যাকাণ্ডের বিচার দেখতে চায়। এ বাস্তবতায় তাকে প্রত্যর্পণ না করে ভারতে অবস্থানের সুযোগ দেওয়া হলে বাংলাদেশের জনগণের মধ্যে ভারতবিরোধী মনোভাব দিনদিন বাড়বেই।

ভারত যদি বাংলাদেশের রাজনৈতিক বিভক্তি থেকে কোনো কৌশলগত সুবিধা পাওয়ার প্রত্যাশা করে থাকে, তাহলে সেই প্রত্যাশা ব্যর্থ করার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ঐক্য ধরে রাখা। আগেই বলেছি রাজনৈতিক বিভক্তি কোনো দেশের জন্য শুধু অভ্যন্তরীণ দুর্বলতা নয়; এটি বিদেশি প্রভাব বিস্তারেরও সুযোগ তৈরি করে।

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের নীরবতা, আন্তর্জাতিক গণমাধ্যমে শর্তের ইঙ্গিত এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে অবিশ্বাস ও বিভক্তি তৈরির সম্ভাব্য কৌশল-সব মিলিয়ে বাংলাদেশের সামনে নতুন এক রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে জাতীয় ঐক্যই হতে পারে সবচেয়ে কার্যকর রাজনৈতিক প্রতিরোধ।

কে ক্ষমতায় আছে, সেটি বড় কথা নয়; বরং বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার সক্ষমতা কতটা অক্ষুণ্ন রাখতে পারে, সেটিই গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার প্রত্যর্পণ, বিচার ও বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ-এর সবকিছুর কেন্দ্রে থাকা উচিত শুধু একটি নীতি, সেটি হলো, বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ, কোনো বিদেশি শক্তি নয়।

একেএম শামসুদ্দিন : অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, কলাম লেখক

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাইফোকাল লেন্স হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে ভারতের নতুন রাজনৈতিক চাল

হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে ভারতের নতুন রাজনৈতিক চাল

সরকারি ব্যয়ে অদক্ষতা টেকসই উন্নয়নের প্রতিবন্ধক

সরকারি ব্যয়ে অদক্ষতা টেকসই উন্নয়নের প্রতিবন্ধক

সাক্ষাৎকার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নিজেদের পরিকল্পনা বাস্তবায়নই জরুরি: ড. আইনুন নিশাত

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নিজেদের পরিকল্পনা বাস্তবায়নই জরুরি: ড. আইনুন নিশাত

বাংলাদেশের প্রত্যাশা কবে পূরণ হবে

বাংলাদেশের প্রত্যাশা কবে পূরণ হবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম