এআই কি সত্যিই মানবজাতিকে ধ্বংস করবে
ড. শাহ জে মিয়া
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে প্রকাশিত ভিডিও প্রতিবেদন আমার নজরে এসেছে, যার শিরোনাম ছিল, নিজের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাই কি ধ্বংস করবে মানবজাতি? প্রশ্নটি নতুন নয়, কিন্তু আমি লক্ষ করছি, আমাদের দেশেও এখন এ প্রশ্নটি নিয়ে আলোচনা বাড়ছে। তবে এ আলোচনাটি প্রায়ই আতঙ্ক আর উচ্ছ্বাসের মাঝামাঝি কোথাও আটকে যাচ্ছে। যেহেতু আমি গত দুই দশকের বেশি ফলিত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছি, সেহেতু আমি মনে করি, এ বিষয়ে কিছু বলা আমার দায়িত্ব। তবে শুরুতেই আমি প্রশ্নটিকে ভাগ করে নিতে চাই। কারণ অভিজ্ঞতায় দেখেছি, এ আলোচনায় আসলে দুটি সম্পূর্ণ আলাদা প্রশ্ন একসঙ্গে মিশে যায়। প্রথম প্রশ্নটি হলো, কৃত্রিম বুদ্ধিমত্তা কি কোনোদিন মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে সভ্যতাকেই শেষ করে দিতে পারে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো, এ প্রযুক্তি এই মুহূর্তে মানুষের বা সমাজের কী ক্ষতি করছে? আমি দুটি প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব, তবে আলাদা করে।
প্রথম প্রশ্নটি দিয়েই শুরু করি এবং এখানে আমি আমার নিজের মতামত নয়, বরং এ পর্যন্ত হওয়া সবচেয়ে বিস্তৃত বিজ্ঞানসম্মত পর্যালোচনাটি কী বলছে, সেটিই আগে তুলে ধরব। গত ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছে ইন্টারন্যাশনাল এআই সেফটি রিপোর্ট। এর সভাপতিত্ব করেছেন কানাডার মন্ট্রিয়াল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইওশুয়া বেনজিও, যিনি ডিপ লার্নিং গবেষণার অন্যতম পথিকৃৎ হিসাবে স্বীকৃত। প্রতিবেদনটি তৈরিতে ৩০টিরও বেশি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন, ওইসিডি ও জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার মনোনীত শতাধিক স্বাধীন বিশেষজ্ঞ যুক্ত ছিলেন এবং বিষয়বস্তুর ওপর তাদের পূর্ণ স্বাধীনতা ছিল। এ প্রতিবেদনে নিয়ন্ত্রণ হারানো বা লস অব কন্ট্রোল বলতে বোঝানো হয়েছে এমন পরিস্থিতি, যেখানে এআই ব্যবস্থা কারও নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার কোনো স্পষ্ট পথ থাকে না।
এ বিষয়ে প্রতিবেদনটির মূল্যায়ন খুবই পরিষ্কার। সেখানে বলা হয়েছে, বর্তমান ব্যবস্থাগুলোর এ ধরনের ঝুঁকি তৈরি করার সক্ষমতা নেই, তবে স্বয়ংক্রিয়ভাবে কাজ পরিচালনার মতো প্রাসঙ্গিক ক্ষেত্রগুলোতে সেগুলোর উন্নতি হচ্ছে। লক্ষ করুন, একটি বাক্যে দুটি কথা একসঙ্গে বলা হয়েছে। আজকের যন্ত্র মানবজাতিকে ধ্বংস করার ক্ষমতা রাখে না, এটি একটি সত্য। আর সেই ক্ষমতার দিকে যাওয়ার দূরত্বটি ক্রমেই কমছে, এটিও সমান সত্য। প্রতিবেদনটি আরও একটি সৎ স্বীকারোক্তি দিয়েছে। সেখানে বলা হয়েছে, ২০৩০ সাল পর্যন্ত অগ্রগতির গতিপথ অনিশ্চিত; অগ্রগতি ধীর হয়ে থেমে যেতে পারে, বর্তমান গতিতে চলতে পারে, আবার নাটকীয়ভাবে বেড়েও যেতে পারে, বিশেষ করে যদি কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই এআই গবেষণাকে দ্রুততর করতে শুরু করে। এর সঙ্গে প্রতিবেদনটি একটি বাস্তব সংকটের কথাও বলেছে, যাকে তারা বলছে প্রমাণের উভয়সংকট, অর্থাৎ ঝুঁকির প্রমাণ ধীরে আসে এবং তা মূল্যায়ন করা কঠিন।
স্বভাবতই প্রশ্ন আসে, বিশেষজ্ঞরা নিজেরা তাহলে কী ভাবেন? এখানে একটি বড় জরিপের কথা বলা যায়। ২০২৩ সালে ২ হাজার ৭৭৮ জন এআই গবেষকের ওপর একটি জরিপ চালানো হয়। সেখানে মাঝামাঝি উত্তরদাতার হিসাবে, মানবজাতির বিলুপ্তির মতো চরম খারাপ পরিণতির আশঙ্কা ৫ শতাংশের। সংখ্যাটি ছোট মনে হতে পারে, কিন্তু কোনো প্রকৌশলী যদি বলেন, একটি সেতুর ধসে পড়ার আশঙ্কা ৫ শতাংশ, আমরা কেউ সেই সেতুতে উঠব না। তবে এখানে আমি সততার খাতিরে আরেকটি কথা যোগ করতে চাই। এ জরিপটির পদ্ধতি নিয়ে সমালোচনাও রয়েছে। কয়েকজন গবেষক যুক্তি দিয়েছেন, প্রশ্ন সাজানোর ধরনটিই উত্তরদাতাদের একটি নির্দিষ্ট দিকে ঠেলে দেয় এবং যারা উত্তর দিয়েছেন, তারা পুরো গবেষক সমাজের প্রতিনিধি নন। অতএব, আমরা বলতে পারি, সংখ্যাটিকে চূড়ান্ত রায় হিসাবে নয়, একটি ইঙ্গিত হিসাবেই দেখা যায়।
এবার আমি একটি কারিগরি ধারণায় আসি, যেটি বুঝলে পুরো আলোচনাটি অনেক পরিষ্কার হয়ে যাবে। আমরা সাধারণত ভাবতে পারি, বুদ্ধিমত্তা একটি সিঁড়ির মতো, যেখানে কেউ ধাপে ধাপে উপরে ওঠে, আর উপরের ধাপে উঠলে নিচের সব ধাপ তার আয়ত্তে থাকে। বুদ্ধিমত্তা যন্ত্রের ক্ষেত্রে ব্যাপারটি মোটেও তা নয়। আজকের বুদ্ধিমত্তা উচ্চতর গণিত বা জটিল প্রোগ্রামিংয়ের মতো কঠিন কাজ অনায়াসে করে ফেলছে, অথচ একই যন্ত্র একটি ছবিতে কয়টি বস্তু আছে তা গুনতে ভুল করছে, ত্রিমাত্রিক জায়গা সম্পর্কে ধারণা করতে পারছে না, আর দীর্ঘ কাজের মাঝপথে সামান্য ভুল হলে সেখান থেকে নিজে বেরিয়ে আসতে পারছে না। এ অসমতাই ব্যাখ্যা করে কেন বুদ্ধিমত্তা যন্ত্রটি একইসঙ্গে বিস্ময়কর ও অনির্ভরযোগ্য এবং কেন কোনো একটি পরীক্ষায় ভালো নম্বর দেখে তার সার্বিক যোগ্যতা সম্পর্কে সিদ্ধান্তে আসা অতি বিপজ্জনক।
এ অসমতার প্রশ্নটি আরও গুরুতর হয়ে ওঠে, যখন আমরা এজেন্টিক এআই বা স্বয়ংক্রিয় কর্মসম্পাদনকারী ব্যবস্থার কথা ভাবি। এখানে পার্থক্যটি সহজ : প্রচলিত এআই আপনার প্রশ্নের উত্তর দেয়, আর এজেন্ট আপনার হয়ে কাজটি করে ফেলে, যেমন নিজে থেকে তথ্য খোঁজে, ফাইল বদলায় বা অর্থ পরিশোধ করে। প্রতিবেদনটি স্পষ্ট করেই বলছে, এজেন্টরা বাড়তি ঝুঁকি তৈরি করে, কারণ তারা স্বাধীনভাবে কাজ করে, ফলে ক্ষতি হয়ে যাওয়ার আগে মানুষের পক্ষে হস্তক্ষেপ করা কঠিন হয়ে পড়ে। আর বর্তমান কৌশলগুলো ব্যর্থতার হার কমাতে পারলেও উচ্চঝুঁকির অনেক ক্ষেত্রে যে মাত্রার নির্ভুলতা দরকার, সেই মাত্রায় নামাতে পারছে না। নিজের গবেষণার অভিজ্ঞতা থেকে বলতে পারি, সমস্যাটি যন্ত্রের বুদ্ধি নয়, সমস্যাটি গতি সম্পর্কিত। মানুষ যখন কোনো ভুল ধরতে পারে, এআই এজেন্ট ততক্ষণে পরের দশটি পদক্ষেপ নিয়ে ফেলেছে বা কাজ করতে সক্ষম।
এ জায়গা থেকেই আমি এমন একটি তথ্যে আসতে চাই। প্রতিবেদনটিতে মূল্যায়নের ফাঁক বা ইভ্যালুয়েশন গ্যাপ নিয়ে বলা হয়েছে, বাজারে ছাড়ার আগে নেওয়া পরীক্ষার ফল দিয়ে বাস্তব জগতের উপযোগিতা বা ঝুঁকি নির্ভরযোগ্যভাবে অনুমান করা যায় না। বিষয়টি সহজ করে বলি। এআই যন্ত্রটি বুঝতে পারছে, এখন তার পরীক্ষা চলছে এবং সেই অনুযায়ী আচরণ করছে। পরীক্ষার হলে একরকম, বাইরে আরেক রকম। অতএব, আমাদের হাতে যে নম্বরটি আসছে, সেটি যন্ত্রের প্রকৃত চরিত্রের নির্ভুল পরিমাপ নাও হতে পারে।
এবার আসি দ্বিতীয় প্রশ্নে, অর্থাৎ আজ এ মুহূর্তে কী ঘটছে এবং এখানে আর কোনো অনিশ্চয়তা নেই। একই প্রতিবেদন বলছে, প্রতারণা, জালিয়াতি, ব্ল্যাকমেল এবং সম্মতি ছাড়া বানানো আপত্তিকর ছবি-এসব ক্ষতি ইতোমধ্যেই নথিভুক্ত, যদিও এর ব্যাপকতা ও তীব্রতা নিয়ে পদ্ধতিগত তথ্য এখনো সীমিত। সাইবার নিরাপত্তার ক্ষেত্রে একটি প্রতিযোগিতায় একটি এআই এজেন্ট প্রকৃত সফটওয়্যারে থাকা দুর্বলতার ৭৭ শতাংশ শনাক্ত করতে পারে। আর অপরাধী চক্র ও রাষ্ট্রসংশ্লিষ্ট আক্রমণকারীরা সক্রিয়ভাবে এ প্রযুক্তি তাদের কাজে ব্যবহার করছে। পরীক্ষামূলক পরিবেশে আরও দেখা গেছে, এআইয়ের লেখা মানুষের বিশ্বাস বদলে দেওয়ার ক্ষেত্রে মানুষের লেখার মতোই কার্যকর। উদাহরণস্বরূপ আমাদের নিজের অভিজ্ঞতাটিই ধরা যাক। গত নির্বাচনকে ঘিরে একটি আন্তর্জাতিক বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে এআই দিয়ে বানানো বা বদলানো কনটেন্টের ৭২টি ঘটনা শনাক্ত হয়েছে, আর সবচেয়ে বেশি ব্যবহৃত কৌশলটি ছিল পরিচিত গণমাধ্যমের নাম ও লোগো নকল করে বানানো ভুয়া ফটোকার্ড। লক্ষ করার বিষয়, এ আক্রমণ কোনো একটি দলের ওপর হয়নি, প্রায় সব পক্ষই এর শিকার হয়েছে। অর্থাৎ এগুলো ভবিষ্যতের আশঙ্কা নয়, এগুলো পরিমাপ করা বাস্তবতা।
এখন আমরা আসি সেই প্রশ্নে, যেটি আমাদের পাঠকদের মনে সবচেয়ে বেশি ঘোরে, অর্থাৎ চাকরির প্রশ্নে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক তথ্য-প্রমাণে সামগ্রিক কর্মসংস্থানে কোনো প্রভাব দেখা যায়নি, তবে যেসব পেশা এ প্রযুক্তির সংস্পর্শে বেশি এসেছে, সেখানে ক্যারিয়ারের শুরুর দিকের কর্মীদের চাহিদা কমে যাওয়ার কিছু লক্ষণ দেখা যাচ্ছে। অর্থনীতিবিদরা ভবিষ্যৎ প্রভাবের মাত্রা নিয়ে একমত নন; কেউ মনে করেন নতুন কাজ তৈরি হয়ে ক্ষতি পুষিয়ে যাবে, আবার কেউ মনে করেন ব্যাপক স্বয়ংক্রিয়করণ কর্মসংস্থান ও মজুরি দুটোই কমিয়ে দিতে পারে। আমি মনে করি, বাংলাদেশের মতো তরুণপ্রধান দেশের জন্য এই একটি তথ্যই সবচেয়ে বেশি মনোযোগ দাবি করে। কারণ আমাদের অর্থনীতির ভরসা তরুণরা, আর ঝুঁকিটি ঠিক তাদের ওপরেই পড়ছে, যারা সবে কাজে ঢুকছেন। অতএব, আমাদের নীতি-আলোচনার কেন্দ্রে রোবটের বিদ্রোহ নয়, বরং শিক্ষানবিশ পর্যায়ের কাজগুলো টিকিয়ে রাখা এবং নতুন দক্ষতায় তরুণদের প্রস্তুত করাই থাকা উচিত।
অতএব, বাংলাদেশের জন্য আজ জরুরি প্রশ্নটি হলো দ্বিতীয় তালিকাটি, প্রথমটি নয়। রোবট বা এআই এসে আমাদের শেষ করে দেবে কিনা, সে দুশ্চিন্তায় সময় দেওয়ার আগে আমাদের দেখা দরকার, আমাদের মানুষ প্রতিদিন কত টাকার অনলাইন প্রতারণার শিকার হচ্ছেন। আমাদের নারী ও কিশোরীরা কত ভুয়া ছবির শিকার হচ্ছেন, আমাদের ব্যাংক ও সরকারি দপ্তরের তথ্যব্যবস্থা কতটা অরক্ষিত। আর আমাদের জাতীয় আলোচনায় প্রতিদিন কত মিথ্যা ঢুকে পড়ছে। এগুলোর প্রতিটির সমাধান আজই শুরু করা সম্ভব এবং এগুলোর জন্য কোনো ভবিষ্যদ্বাণীর দরকার নেই।
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি দূরের ঝুঁকি নিয়ে ভাবার দরকার নেই? এখানে আমি সতর্ক থাকতে চাই। প্রতিবেদনটি জীবাণু ও রাসায়নিক অস্ত্রের প্রসঙ্গে উল্লেখ করেছে, নির্মাতারা এ আশঙ্কা বাতিল করতে পারেননি যে, তাদের মডেল এ বিষয়ে অনভিজ্ঞ কাউকে এ ধরনের অস্ত্র তৈরিতে সহায়তা করতে পারে। এ ধরনের ঝুঁকি কম, কিন্তু ঘটে গেলে ক্ষতি অপূরণীয়। অতএব, যুক্তিসঙ্গত অবস্থানটি হলো, কাছের ক্ষতি সামলাও এখনই, আর দূরের ঝুঁকির জন্য নিয়মিত নজরদারির ব্যবস্থা রাখো।
এই যে মূল্যায়নের ফাঁকের কথা বললাম, এটি বিশ্বজুড়ে একটি নতুন পেশার জগৎ তৈরি করছে। মডেল মূল্যায়ন বিশেষজ্ঞ, এআই নিরীক্ষক, রেড-টিম গবেষক, অর্থাৎ যারা ইচ্ছা করে যন্ত্রকে ভাঙার চেষ্টা করে এর দুর্বলতা খুঁজে বের করেন-এআই নীতি ও নৈতিকতা বিশ্লেষক, ডেটা প্রোটেকশন অফিসার এবং বাংলা ভাষার ডেটা অ্যানোটেটর-এরকম বহু পদ এখন তৈরি হচ্ছে। অথচ এসব পদের নাম দশ বছর আগে বাংলাদেশে কেউ উচ্চারণও করত না। আমি আমাদের তরুণদের বলব, আতঙ্কিত হওয়ার বদলে এ জায়গাটিতে দক্ষতা গড়ে তুলুন, কারণ যে দেশ যন্ত্র যাচাই করতে জানে, সে দেশই যন্ত্রের মালিক থাকে; আর যে দেশ শুধু যন্ত্র কেনে, সে দেশ ভাড়াটে থেকে যায়।
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আশির দশকেই অনুধাবন করেছিলেন, প্রযুক্তি ও দক্ষ জনশক্তি ছাড়া বাংলাদেশের মুক্তি নেই এবং সেই উপলব্ধি থেকেই তিনি দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছিলেন। সেই ধারাবাহিকতাতেই আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার রোডম্যাপ ধরে রাষ্ট্রকাঠামো মেরামতের কাজ চলছে, যার ৩০তম দফা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কথা বলে। আমি মনে করি, এআই যাচাইয়ের একটি জাতীয় সক্ষমতা গড়ে তোলা সেই লক্ষ্যেরই স্বাভাবিক অংশ হওয়া উচিত এবং এটি আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে সঙ্গে নিয়েই করা সম্ভব।
শেষ করার আগে পাঠকদের উদ্দেশে আমার ছোট্ট অনুরোধ। এআই নিয়ে যে খবরই আপনার সামনে আসুক, সেটি ভয়ের হোক বা উচ্ছ্বাসের, দুটি প্রশ্ন করুন। এক. এ দাবিটির উৎস কে, কোনো কোম্পানি নাকি স্বাধীন গবেষক বা আন্তর্জাতিক বিজ্ঞানী প্যানেল? দুই. দাবিটি আজকের প্রমাণিত ঘটনা নিয়ে, নাকি ভবিষ্যতের অনুমান নিয়ে? এ দুটি প্রশ্নই আপনাকে অধিকাংশ অতিরঞ্জন থেকে বাঁচাবে। আর আমার নিজের উত্তরটি সংক্ষেপে এই : কৃত্রিম বুদ্ধিমত্তা আজ মানবজাতিকে ধ্বংস করার ক্ষমতা রাখে না, কিন্তু মানুষের হাতে পড়ে এটি আজই মানুষের ক্ষতি করছে। অতএব, ভয়টি যন্ত্রকে নয়, আমাদের নিজেদের অসতর্কতাকেই করা উচিত। এআই মানুষের বিকল্প নয়, সহায়ক এবং সহায়ক যন্ত্রটিকে নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব মানুষেরই।
ড. শাহ জে মিয়া : প্রফেসর অব বিজনেস এনালিটিক্স অ্যান্ড অ্যাপ্লাইড এআই, নিউক্যাসল ইউনিভার্সিটি, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া; ভারপ্রাপ্ত সভাপতি, জাতীয়তাবাদী আইসিটি ফোরাম
