Logo
Logo
×

Advertisement

চিত্র বিচিত্র

অসুস্থ হলে নিজেরাই খুঁজে নেয় ওষুধ, হাতির চিকিৎসা নিয়ে চমকপ্রদ তথ্য

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম

অসুস্থ হলে নিজেরাই খুঁজে নেয় ওষুধ, হাতির চিকিৎসা নিয়ে চমকপ্রদ তথ্য

Advertisement

অসুস্থ হলে শুধু বিশ্রাম নেয় না আফ্রিকান হাতি, বরং নিজেদের এবং পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য নির্দিষ্ট কিছু ঔষধি গাছও বেছে নেয়। কেনিয়ার মাউন্ট এলগন এলাকায় পরিচালিত এক গবেষণায় এমন চমকপ্রদ তথ্য উঠে এসেছে।

ওই অঞ্চলে হাতিদের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করা বন্যপ্রাণী পর্যবেক্ষক, স্থানীয় বাসিন্দা ও প্রবীণদের সাক্ষাৎকারের ভিত্তিতে গবেষণাটি পরিচালিত হয়। গবেষকদের দাবি, অসুস্থতা বা শারীরিক সমস্যার সময় হাতিরা নির্দিষ্ট উদ্ভিদ খুঁজে নিয়ে সেগুলোর বিভিন্ন অংশ খায়।

মাউন্ট এলগনের হাতিদের নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ অবশ্য নতুন নয়। পাহাড়ি গুহায় ঢুকে দাঁত দিয়ে পাথর ঘষে প্রয়োজনীয় খনিজ সংগ্রহ করার কারণে তাদের ‘লবণ-খননকারী হাতি’ হিসেবেও পরিচিতি রয়েছে। নতুন গবেষণায় দেখা গেছে, খনিজ সংগ্রহের পাশাপাশি বনাঞ্চলের কিছু উদ্ভিদও তারা চিকিৎসার কাজে ব্যবহার করে।

শাবকদেরও ঔষধি গাছ খাওয়ায় মা হাতি

সংরক্ষণবিষয়ক প্রতিষ্ঠান মাউন্ট এলগন ফাউন্ডেশনের সহযোগিতায় গবেষকেরা স্থানীয় মানুষ ও বন্যপ্রাণী পর্যবেক্ষকদের কাছ থেকে হাতিদের আচরণ সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।

সাক্ষাৎকারে উঠে আসে, কোনো হাতি অসুস্থ বোধ করলে নির্দিষ্ট কিছু গাছ বেছে নিতে পারে। এমনকি মা হাতিদের তাদের শাবকদেরও উদ্ভিদের ঔষধি অংশ খাওয়াতে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয় পর্যবেক্ষকেরা।

সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা ৩৫ প্রজাতির উদ্ভিদের তালিকা তৈরি করেছেন, যেগুলো হাতিরা বিভিন্নভাবে ব্যবহার করে বলে জানা গেছে। এর মধ্যে অন্তত ২৫টি উদ্ভিদের ঔষধি ব্যবহারের তথ্য স্থানীয়ভাবে আগে থেকেই প্রচলিত ছিল। গবেষণাটি ‘সায়েন্টিফিক রিপোর্টস’ জার্নালে প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারদাতাদের পরিচয় গোপন রাখা হয়েছে, যাতে তারা হাতিদের আচরণ সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা নির্ভয়ে জানাতে পারেন।

একজন বন্যপ্রাণী পর্যবেক্ষক জানান, তিনি মা হাতিদের ‘অঙ্গুরউইট’ নামে পরিচিত একটি উদ্ভিদ শাবকদের চিকিৎসার জন্য ব্যবহার করতে দেখেছেন। তার ভাষ্য অনুযায়ী, মা হাতিরা পাতাগুলো সরিয়ে ওই উদ্ভিদের অংশ অন্য কিছু গাছের শিকড়ের সঙ্গে চিবিয়ে নেয়। পরে সেই উদ্ভিদজাত উপাদান শাবকদের খেতে দেয়।

তবে হাতিরা নির্দিষ্ট রোগের চিকিৎসা বুঝে এই উদ্ভিদ ব্যবহার করে কি না, সে বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে আরও প্রমাণ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ক্যামেরায় ধারণ করা হবে হাতিদের আচরণ

গবেষকেরা ইতোমধ্যে আরও তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছেন। এজন্য স্থানীয় বন্যপ্রাণী বিশেষজ্ঞদের ক্যামেরা দেওয়া হয়েছে, যাতে হাতিদের উদ্ভিদ নির্বাচন ও ব্যবহারের আচরণ সরাসরি ধারণ করা যায়।

গবেষণার আরেকটি লক্ষ্য হলো হাতিরা যে উদ্ভিদগুলো ব্যবহার করে, সেগুলোর মধ্যে ভবিষ্যতে নতুন কোনো ঔষধি উপাদান আবিষ্কারের সম্ভাবনা রয়েছে কি না, তা খুঁজে দেখা।

গবেষক ড. ফাবিয়েন শুলৎজের মতে, স্থানীয় মানুষের দীর্ঘদিনের অভিজ্ঞতা গবেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। এখন হাতিদের অনুসরণ করে দেখা হবে, নির্দিষ্ট শারীরিক সমস্যার সময় তারা নিয়মিত কোনো নির্দিষ্ট উদ্ভিদ বেছে নেয় কি না এবং সেসব উদ্ভিদের আদৌ কোনো জৈবিক কার্যকারিতা রয়েছে কি না।

প্রাণীদের ‘স্ব-চিকিৎসা’ নতুন নয়

প্রাণীরা নিজেদের চিকিৎসায় প্রাকৃতিক উপাদান ব্যবহার করে—এমন তথ্য অবশ্য নতুন নয়। বিভিন্ন প্রাণীর মধ্যে উদ্ভিদ ও অন্যান্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করে অসুস্থতা মোকাবিলার উদাহরণ পাওয়া গেছে।

হাতির স্ব-চিকিৎসার বিষয়ে প্রাচীনতম বৈজ্ঞানিক বর্ণনাগুলোর একটি পাওয়া যায় খ্রিস্টীয় তৃতীয় শতকের শুরুতে। রোমান লেখক ক্লডিয়াস এলিয়ান তার ‘দে ন্যাচুরা এনিমালিয়াম’ গ্রন্থে এমন একটি হাতির কথা লিখেছিলেন, যে বর্শা ও তীরের আঘাতে আহত হওয়ার পর জলপাই গাছের ফুল ও তেল খেয়েছিল এবং পরে সুস্থ হয়ে ওঠে। আধুনিক গবেষণাতেও মশা, ড্রোসোফিলা, মৌমাছি এবং বিভিন্ন প্রজাতির গ্রেট এপের মধ্যে স্ব-চিকিৎসার আচরণ শনাক্ত হয়েছে বলে গবেষকেরা জানিয়েছেন।

বন রক্ষার গুরুত্বও তুলে ধরছে গবেষণা

গবেষকদের মতে, হাতিদের চিকিৎসায় ব্যবহৃত উদ্ভিদ নিয়ে গবেষণা শুধু প্রাণীদের আচরণ বোঝার ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ নয়, ভবিষ্যতে নতুন ওষুধ আবিষ্কারের ক্ষেত্রেও সম্ভাবনা তৈরি করতে পারে।

গবেষক ড. এলোডি ফ্রেইম্যান বলেন, মানুষ যে অনেক ওষুধ ব্যবহার করে, সেগুলোর পেছনেও উদ্ভিদ, শৈবাল, ছত্রাক ও প্রবালপ্রাচীর থেকে পাওয়া বিভিন্ন যৌগের ভূমিকা রয়েছে।

তাই গবেষকদের মতে, বনাঞ্চল ও প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা জরুরি। কারণ এসব পরিবেশে থাকা উদ্ভিদ ও অন্যান্য জীবের মধ্যেই ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ঔষধি উপাদান লুকিয়ে থাকতে পারে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

Advertisement

Advertisement

আরও পড়ুন

অসুস্থ হলে নিজেরাই খুঁজে নেয় ওষুধ, হাতির চিকিৎসা নিয়ে চমকপ্রদ তথ্য

অসুস্থ হলে নিজেরাই খুঁজে নেয় ওষুধ, হাতির চিকিৎসা নিয়ে চমকপ্রদ তথ্য

রান্না করে বিশ্বরেকর্ড গড়ল তুরস্ক

রান্না করে বিশ্বরেকর্ড গড়ল তুরস্ক

পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ

পাইলট ছাড়াই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ল উড়োজাহাজ

৬ বছর বয়সে বিশ্বরেকর্ড গড়ল এই চীনা শিশু

৬ বছর বয়সে বিশ্বরেকর্ড গড়ল এই চীনা শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম