মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক
চুরিতে বাধা দেয়ায় নিরাপত্তা কর্মকর্তার ওপর হামলা
গুরুতর আহত আজাদুলকে ঢাকা সিএমএইচে ভর্তি
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০১৮, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মাধবপুরের বেজুড়ায় যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে চুরি করতে বাধা দেয়ায় সিকিউরিটি অফিসার (নিরাপত্তা কর্মকর্তা) খন্দকার আজাদুল হকের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের এ হামলায় তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। মাধবপুর থানায় শনিবার রাতে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. লিয়াকত হোসেন বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী জানান, অভিযোগ পাওয়ার পরপরই এফআইআর নেয়া হয়েছে। এসআই কামাল হোসেনকে তদন্তভার দেয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা এসআই কামাল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
শুক্রবার রাত আড়াইটার দিকে সিকিউরিটি গার্ডদের ডিউটি চেক করতে হুরাইনের (টেক্সটাইল মিল) শেষ প্রান্তে যাওয়ার পথে হামলার শিকার হন। একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র, রড, কাঠের বাটাম দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। তার শরীরের বিভিন্ন স্থান মারাত্মক জখম হয়। তার চিৎকার শুনে নিরাপত্তারক্ষীসহ লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। চারটি (সিক্স হর্স) পানির পাম্প চুরি করে তারা। গুরুতর আহত আজাদুলকে প্রথমে মাধবপুরে, পরে ব্রাহ্মণবাড়িয়ায় নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেও অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। শনিবার রাতে তার শরীরে কয়েকটি অস্ত্রোপচার করা হয়েছে। জানা গেছে, এর আগেও যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিভিন্ন মালামাল চুরি হয়েছে। নিরাপত্তারক্ষীরা চুরিতে বাধা দেয়ায় দুর্বৃত্তরা তাদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।
