ভোলায় খনন হচ্ছে আরও ৪ গ্যাসকূপ
ভোলা নর্থ-৩ কূপে প্রথম পরীক্ষা শেষ প্রাথমিক মজুত নিশ্চিত
অমিতাভ অপু, ভোলা
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ভোলায় গ্যাসের উৎপাদন বাড়াতে আরও চারটি নতুন কূপ খননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এর মধ্যে ডিসেম্বরে শুরু হবে শাহবাজপুর নর্থ ইস্ট-১ কূপের খনন। ভোলা নর্থ-৩ কূপে প্রথম পর্যায়ের ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শেষে গ্যাসের প্রাথমিক মজুত নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে বাপেক্স। আরও দুটি ডিএসটি পরীক্ষার পর চূড়ান্ত মজুতের পরিমাণ ঘোষণা করা হবে।
রোববার বিকালে যুগান্তরকে এসব তথ্য জানান প্রকল্প পরিচালক ও বাপেক্সের মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন। তিনি জানান, ভোলা নর্থ-৩ কূপ থেকে প্রতিদিন ২২ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে। জেলায় পরিকল্পিত আরও চারটি কূপের খনন শেষ হলে প্রতিদিন ২৮৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন ও সরবরাহ করা সম্ভব হবে।
নতুন চারটি কূপ হলো-ভোলা নর্থ-৪, শাহবাজপুর-৫ ও শাহবাজপুর-৭ মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ এবং শাহবাজপুর নর্থ ইস্ট-১ অনুসন্ধান কূপ। ভোলা নর্থ-৩-এর কাজ শেষ করে শাহবাজপুর নর্থ ইস্ট-১ কূপের খনন শুরু হবে। এজন্য খননযন্ত্র ও সরঞ্জাম স্থানান্তর করা হবে।
বাপেক্সের ভূতাত্ত্বিকদের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোলার তিনটি আবিষ্কৃত গ্যাসক্ষেত্র-শাহবাজপুর, ভোলা নর্থ ও ইলিশায় প্রায় ৩ দশমিক ৫ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাস মজুত রয়েছে। জেলাজুড়ে আরও ১৯টি কূপ খনন করা হলে মজুতের পরিমাণ ৫ টিসিএফ ছাড়িয়ে যেতে পারে। প্রস্তাবিত ১৯টি কূপের মধ্যে ১০টি খননের বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। ২০২৫ থেকে ২০৩০ সাল মেয়াদে এসব কূপ খননের পরিকল্পনা রয়েছে। চলতি অর্থবছরে পাঁচটি কূপ খননের লক্ষ্য রয়েছে।
৯ সেপ্টেম্বর ভোলা নর্থ-৩ কূপের খনন শুরু হয়। ২২ অক্টোবর খননকাজ শেষ হয়। ১৪ নভেম্বর পারফোরেশন সম্পন্ন হওয়ার পর ১৫ নভেম্বর সকাল থেকে প্রথম ডিএসটি পরীক্ষার অংশ হিসাবে গ্যাসে আগুন প্রজ্বালন করা হয়। এটি ভোলার দশম কূপ। চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোপ্যাক কূপটির খননকাজ করেছে। বাকি দুটি ডিএসটি পরীক্ষার পর গ্যাসের প্রবাহের হার ও কূপের চাপ যাচাই করে চূড়ান্ত ফলাফল জানানো হবে।
বাপেক্স সূত্র জানায়, ১৯৯৩ সালে মার্কিন কোম্পানি ইউনিকল শাহবাজপুর কূপ খনন শুরু করলেও মজুত নিশ্চিত করতে পারেনি। পরে বাপেক্সের নিজস্ব কারিগরি দল খননকাজ শেষ করে ১৯৯৫ সালে গ্যাসের মজুত নিশ্চিত করে। এটিই ছিল বাপেক্সের নিজস্ব উদ্যোগে খনন করা প্রথম কূপ। দীর্ঘদিন গ্যাসের ব্যবহার শুরু না হলেও ২০১৩ সালে উৎপাদিত গ্যাসের ব্যবহার শুরু হয়। পরবর্তী ১০ বছরে রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রম জেলায় সাতটি কূপ খনন করে। বর্তমানে চীনা কোম্পানিকে আরও চারটি কূপ খননের দায়িত্ব দেওয়া হয়েছে। এসব কূপের স্থানও নির্ধারণ করা হয়েছে।
