সিঙ্গাপুরে বাংলাদেশির কারাদণ্ড, নেপথ্যে কী?
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম
ছবি: দ্য স্ট্রেইট টাইমস
|
ফলো করুন |
|
|---|---|
সিঙ্গাপুরে খন্দকার মোহাম্মদ ইয়ামিন নামের এক বাংলাদেশিকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। পৃথক দুটি অভিযোগের দোষ স্বীকার করায় গত ২৩ নভেম্বর এই ২৩ বছর বয়সি যুবককে কারাদণ্ড দেওয়া হয়।
সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে মদ্যপ অবস্থায় এক বিমানবালাকে যৌন হয়রানি এবং পরে পুলিশ সদস্যের গায়ে থুতু মারার অভিযোগে তাকে এ দণ্ড দেওয়া হয়।
আদালতের নথি অনুযায়ী, গত সেপ্টেম্বরে মদ পান করে মাতাল অবস্থায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওঠেন ইয়ামিন। ১১ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে নিজের আসনে বসে থাকা অবস্থায় তিনি এক বিমানবালার নিতম্বে হাত দেন। কয়েক সেকেন্ড ধরে এই স্পর্শের ঘটনা ঘটে বলে আদালতকে জানান ডেপুটি পাবলিক প্রসিকিউটর ক্লারা লো।
২৬ বছর বয়সি ওই বিমানবালা ঘটনায় ভীত ও ক্ষুব্ধ হন। তিনি ইয়ামিনকে তাকে স্পর্শ করতে নিষেধ করেন। তবে ইয়ামিন কোনো কথা না বলে তার দিকে তাকিয়ে হাসেন। পরে ওই বিমানবালা তার এক সহকর্মীকে বিষয়টি জানান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ফ্লাইটটি ওই দিন সকালে চাঙ্গি বিমানবন্দরে অবতরণের পর ইয়ামিনকে গ্রেফতার করা হয়।
তবে ব্যক্তিগত বন্ডে মুক্তি পাওয়ার পর অক্টোবরে আবারও গ্রেফতার হন তিনি। ৭ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে লিটল ইন্ডিয়ার কাছে জালান বেরসেহ এলাকায় তাকে মাতাল অবস্থায় দেখা যায়। এ সময় তিনি কাঁদছিলেন, অসংলগ্নভাবে চিৎকার করছিলেন এবং একটি শক্ত জায়গায় হেলান দিয়ে বসেছিলেন।
ডেপুটি পাবলিক প্রসিকিউটর জানান, পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ইয়ামিনকে মাতাল অবস্থায় দেখতে পান। তার নাক দিয়েও রক্ত ঝরছিল।
পরে প্যারামেডিকরা তার রক্তচাপ মাপার চেষ্টা করেন। কিন্তু তিনি সহযোগিতা না করে মাটিতে শুয়ে এদিক-সেদিক ছটফট করতে থাকেন।
একপর্যায়ে তাকে গ্রেফতার করে পুলিশ ক্যান্টনমেন্ট কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সিগারেটের দাবি পূরণ না হওয়ায় তিনি আক্রমণাত্মক আচরণ করতে থাকেন। এ সময় তার পা চেপে ধরে রাখা এক পুলিশ সদস্যের গায়ে থুতু মারেন তিনি।
এ ঘটনায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারীর ওপর অপরাধমূলক বলপ্রয়োগের অভিযোগ আনা হয়। বিমানে বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগের পাশাপাশি এ অভিযোগেও দোষী সাব্যস্ত হন ইয়ামিন। সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

