অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি, অতঃপর...
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
অন্যের নাম ব্যবহার করে, জাল-জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বর্ডার গার্ড বাংলাদেশে-বিজিবিতে (তৎকালীন বিডিআর) চাকরি করার অপরাধে আকবর আলী নামে এক ব্যক্তিকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় একই সঙ্গে তাকে চাকরিকালে উত্তোলন করা বেতন-ভাতা সুদসহকারে হিসাব করে তার সম পরিমাণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক মো. আব্দুস সালাম এই রায় দেন। রায়ের আগে পর্যবেক্ষণে বিচারক বলেন, ‘জাল-জালিয়াতির উৎকৃষ্ট মামলা।’
সাজার তথ্য নিশ্চিত করে দুদকের কৌঁসুলি খন্দকার শামীম হোসেন বলেন, ‘ছদ্মবেশ ধারণ করে বা অন্য ব্যক্তির পরিচয় দিয়ে প্রতারণা করার দায়ে আকবর আলীকে তিন বছরের কারাদণ্ড, ১ লাখ টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড, গুরুত্বপূর্ণ দলিল জাল করার অপরাধে পাঁচ বছরের কারাদণ্ডের সঙ্গে ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাকে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির দায়ে তাকে চার বছরের কারাদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে তাকে এক বছরের কারাদণ্ড এবং জাল দলিল প্রতারণামূলক বা অসাধুভাবে আসল দলিল হিসেবে ব্যবহার করায় তাকে এক বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অর্থদণ্ড অনাদায়ে তাকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।’
ছদ্মনাম ব্যবহার করে সংস্থাটির সিপাহী পদে চাকরিকালে উত্তোলন করা বেতন-ভাতা সুদসহকারে হিসাব করে তার সম পরিমাণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর শামীম হোসেন। তিনি বলেন, ‘সেই উদ্দেশ্যে আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে। এদিকে আসামির সাজা একটির পর একটি কার্যকর হবে। সেক্ষেত্রে তাকে ১৩ বছর কারাভোগ করতে হবে।’
আসামি পলাতক রয়েছে। তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারির তথ্য দিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু।
এদিকে রায়ের আগে পর্যবেক্ষণে বিচারক বলেন, ‘এটি জাল-জালিয়াতির উৎকৃষ্ট মামলা। কীভাবে সবকিছু জাল-জালিয়াতি করে দীর্ঘ ৩৮ বছর চাকরি করে সরকারি কোষাগার থেকে বেতন ভাতা তুলে নেয়।’
মামলার বিবরণ থেকে, ১৯৮৩ সালে সিরাজগঞ্জ সদরে বিডিআরের সিপাহী পদে নিয়োগের জন্য লাইনে দাঁড়ান আকবর আলী ও জাহাঙ্গীর আলম। তাদের মধ্যে জাহাঙ্গীর আলম নিয়োগের জন্য নির্বাচিত হন। তিনি রাজাপুর হাইস্কুল থেকে অষ্টম শ্রেণি পাসের সনদ ও ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ জমা দেন। তবে পারিবারিক কারণে তিনি চাকরিতে যোগ দেননি। অন্যদিকে আকবর আলী ওই পদে চাকরির জন্য অযোগ্য বিবেচিত হন।
অভিযোগ অনুযায়ী, জাহাঙ্গীর আলমের অগোচরে তার নাম-পরিচয় ও শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যবহার করে ১৯৮৩ সালের ১ মার্চ বিডিআরে সিপাহী পদে যোগ দেন আকবর আলী। এরপর দীর্ঘদিন ওই পরিচয়ে চাকরি করে সরকারি বেতন-ভাতা উত্তোলন করেন।
দুদকের অনুসন্ধানে বিজিবি সদর দফতরের সংরক্ষিত চাকরির নথি, পুলিশি তদন্ত ফরম ও শিক্ষাগত যোগ্যতার সনদ পর্যালোচনা করে পরিচয় জালিয়াতির তথ্য পাওয়া যায়। নথিতে দেখা যায়, চাকরিতে যোগদানের সময় জাহাঙ্গীর আলমের জন্ম তারিখ ছিল ১৯৬৪ সালের ৩১ ডিসেম্বর।
পরবর্তী সময়ে চাকরির খতিয়ান বইয়ে তা পরিবর্তন করে ১৯৬৪ সালের ১ মার্চ করা হয়। একইভাবে জাহাঙ্গীর আলমের বাবা মো. মহির উদ্দিনের পরিবর্তে আকবর আলীর বাবা জসিম উদ্দিন মণ্ডলের নাম এবং স্থায়ী ঠিকানাও পরিবর্তন করা হয়।
এ ছাড়া নিজের পরিচয় আড়াল করতে জাতীয় পরিচয়পত্রেও মো. জাহাঙ্গীর আলম নাম ব্যবহার করেন আকবর আলী। তবে সেখানে বাবার নাম হিসেবে মৃত জসিম উদ্দিন মণ্ডলের নাম উল্লেখ করেন।
অনুসন্ধানে আরও উঠে আসে, ১৯৮৪ সালের ১০ জানুয়ারি করা তার বিয়ের কাবিননামাতেও মো. জাহাঙ্গীর আলম নাম ব্যবহার করা হয়। সেখানে বাবার নাম মো. মহির উদ্দিন (জসিম উদ্দিন মন্ডল) এবং দাদার নাম পলান মণ্ডল উল্লেখ করা হয়। তবে প্রকৃত জাহাঙ্গীর আলম জানান, তার বাবার নাম মহির উদ্দিন এবং দাদার নাম পর্বত উল্লাহ শেখ।

