ময়মনসিংহ সেক্টর কমান্ডার
বিতর্কিতদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম
ময়মনসিংহ নগরীর বিজিবি মাল্টিপারপাস শেডে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন
|
ফলো করুন |
|
|---|---|
সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে। সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে ঢুকতে বা বের হতে না পারে, সেই বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
সোমবার সকালে ময়মনসিংহ নগরীর বিজিবি মাল্টিপারপাস শেডে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন।
সেক্টর কমান্ডার বলেন, ময়মনসিংহ সেক্টরের অধীনে মোট ২৪২ দশমিক ৫ কিলোমিটার সীমান্তে তিনটি ব্যাটালিয়ন দিন-রাত নিরলসভাবে কাজ করছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান এবং রাষ্ট্রবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে।
সীমান্ত আধুনিকীকরণ কার্যক্রমের তথ্য তুলে ধরে তিনি জানান, প্রতিটি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ৩০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস, ড্রোন এবং থার্মাল ড্রোনের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চলছে। এছাড়া আরও ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলমান রয়েছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় টহলের জন্য এটিভিসহ বিশেষ যান ব্যবহার করা হচ্ছে। প্রতিটি বিওপি থেকে দিনে ও রাতে নিয়মিত চারটি টহলের পাশাপাশি বিশেষ টহল দল সীমান্ত সুরক্ষায় কাজ করছে।
তিনি আরও বলেন, সীমান্তের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে ডিজিএফআই, পুলিশ ও এনএসআইসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় বাড়িয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এতে যেকোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যাচ্ছে। সীমান্তসংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত দিয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
অভিযানের পরিসংখ্যান তুলে ধরে কর্নেল নাসির উদ্দিন জানান, ১১টি ঘটনায় ১৪১ জনের পুশইন প্রতিহত, চার মানবপাচারকারীকে আটক এবং পাচারের হাত থেকে ১৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ৫৮ মানবপাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধেও কঠোর অবস্থানের ধারাবাহিকতায় ৭০ মাদককারবারিকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা ও মানুষের জানমাল রক্ষায় বিজিবির এ নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে বিজিবি ময়মনসিংহ সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর মেহেদী হাসান আশিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
