২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে ধাক্কা, জুলাইযোদ্ধা নিহত
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পিএম
আব্দুল বারেক। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনার মদন পৌরসভায় ২০ টাকা টোল আদায়কে কেন্দ্র করে ধাক্কায় আব্দুল বারেক (৮৫) নামের এক বৃদ্ধ জুলাইযোদ্ধা নিহত হয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ির সামনে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল বারেক চানগাঁও ইউনিয়নের চকপাড়ার মৃত আব্দুল গণির ছেলে। তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারান।
এ ঘটনায় আতিকুল ইসলাম (১৯) নামের একজনকে আটক করেছে মদন থানার পুলিশ। আতিকুল পৌরসভার বাড়িভাদেরা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌরসভায় চলাচলরত যানবাহন থেকে টোল আদায়ের জন্য মুফতি রায়হান আহমেদ পৌরসভা থেকে ইজারা নেন। টোল আদায়ের জন্য রায়হান কয়েকজন টোল আদায়কারীও নিয়োগ দেন। কিন্তু টোল আদায়কারীরা স্থানীয় হওয়ায় কোনো ধরনের নিয়মনীতি তোয়াক্কা করেন না।
সোমবার ময়মনসিংহ থেকে মদনে আসার পথে একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা থেকে ২০ টাকা টোল আদায় নিয়ে চানগাঁও ইউনিয়নের মড়লবাড়ির সামনে মারামারির ঘটনা ঘটে। এ সময় অটোরিকশায় থাকা অসুস্থ জুলাইযোদ্ধা আব্দুল বারেক ও তার নাতি আরিফুল ইসলাম (২২) আহত হন। পরে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আহত নাতি আরিফুল ইসলাম জানান, অটোরিকশা চালকের কাছে ২০ টাকার ভাংতি ছিল না। তার কাছে মাত্র ৫ টাকা ছিল। পরে যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে টোল দিতে বলেন। যাত্রীদের কাছেও ভাংতি ছিল না। এদিকে টাকা ছাড়া অটোরিকশা ছাড়বে না। তাই নাতি আরিফুল টোল আদায়কারীকে ১ হাজার টাকার একটি নোট দেন। ওই টাকা নিয়ে টোল আদায়কারী অন্যত্র সরে যাচ্ছিলেন। পরে অসুস্থ বারেক অটোরিকশা থেকে বের হয়ে টাকার বিষয়ে জানতে চাইলে তাকে ধাক্কা দেওয়া হয়। এতে বারেক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে জনতা আতিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে। আতিকুল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
মদন থানার ওসি সালাউদ্দিন করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
