পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:১০ পিএম
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদ হলরুম পরিদর্শন করেন।
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস (সংসদ ভবন) পরিদর্শন করেছে। এ সময় দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) স্পিকার সরদার আয়াজ সাদিক, জাতীয় পরিষদের সদস্য এবং সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা পার্লামেন্ট হাউসে সফররত বাংলাদেশি প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম পার্লামেন্ট হাউসের প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা বা হিমচাঁপা গাছের একটি চারা রোপণ করেন। এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ অনুষ্ঠান শেষে পাকিস্তান ও বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে ভ্রাতৃপ্রতিম দুই মুসলিম দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
পরে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদ হলরুম পরিদর্শন করেন। এ সময় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক সফররত প্রতিনিধিদলকে হলরুমের ঐতিহাসিক তাৎপর্য এবং দেশটির সংসদের আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।

