রাশিয়াকে উত্তর কোরিয়ার সামরিক সহায়তা বন্ধ, দাবি ইউক্রেনের
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ২০২৫ সালে একটি সামরিক ঘাঁটি পরিদর্শন করেন। ছবি: কেসিএনএ/রয়টার্স
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ কোরিয়া নিয়ে রাশিয়ার মন্তব্যের জেরে মস্কোকে সামরিক সহায়তা দেওয়া বন্ধ করেছে উত্তর কোরিয়া। গত বুধবার ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগ এ দাবি করেছে। তবে মস্কো বা পিয়ংইয়ং—কোনো পক্ষই এ বিষয়ে নিশ্চিত করেনি বা অস্বীকার করেনি।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান গোয়েন্দা অধিদপ্তর (এইচইউআর) জানিয়েছে, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুদেনকোর একটি মন্তব্যে ক্ষুব্ধ হয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ব্যক্তিগতভাবে সামরিক সহায়তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন।
গত অক্টোবরে রুদেনকো বলেছিলেন, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা কমাতে সহায়তা করবে ক্রেমলিন। তার এ বক্তব্যে অসন্তোষ প্রকাশ করে উত্তর কোরিয়া।
এইচইউআরের দাবি, উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই রাশিয়ার ওই বক্তব্যকে ‘দুই দেশের মিত্রতা চুক্তির চেতনার সঙ্গে সংগতিপূর্ণ নয়’ বলে উল্লেখ করেন। এরপর সাময়িকভাবে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দেওয়া হয়।
ইউক্রেনের গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী, এ স্থগিতাদেশের আওতায় রাশিয়ার সামরিক পরিবহন বিমানকে উত্তর কোরিয়ার আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পাশাপাশি কেএন-২৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ বন্ধ এবং নতুন করে কামানের গোলাবারুদ পাঠানোও স্থগিত করা হয়েছে।
এইচইউআর আরও জানিয়েছে, রাশিয়ার ভূখণ্ডে উত্তর কোরিয়ার সেনাসংখ্যা ৮ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৫০ হাজার করার অনুরোধও আপাতত পূরণ করছে না পিয়ংইয়ং।
তবে রুদেনকো প্রকাশ্যে এ ধরনের কোনো বক্তব্য দেননি। ২০ অক্টোবর রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মস্কো প্রস্তুত।
তিনি বলেন, ‘ইউক্রেনে যা ঘটছে, তার সঙ্গে আমরা অন্য কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ককে যুক্ত করি না। তাই আমাদের দক্ষিণ কোরীয় অংশীদাররা যদি বাস্তব কোনো পদক্ষেপ নেয়, তাহলে অবশ্যই আমরা তা স্বাগত জানাব।’
গত ১৬ নভেম্বর কিম জং উনের ঘনিষ্ঠ সহযোগী ও পলিটব্যুরো প্রেসিডিয়ামের সদস্য চো ইয়ং ওন মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের আগের দিন এ বৈঠক হয়।
প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ইউক্রেনের গোয়েন্দা বিভাগের এ দাবির বিষয়ে মস্কো ও পিয়ংইয়ং কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
২০২৪ সালের জুনে পুতিন ও কিম পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। এরপর ইউক্রেনে চলমান যুদ্ধে রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ সামরিক অংশীদার হয়ে ওঠে উত্তর কোরিয়া। ওই বছরের শেষ দিকে রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে অভিযানে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করে মস্কো।
রাশিয়া এখনো অস্ত্র ও সামরিক সরঞ্জামের জন্য উত্তর কোরিয়ার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এর বিনিময়ে পিয়ংইয়ং রাশিয়ার কাছ থেকে সামরিক প্রযুক্তি, কাঁচামাল ও আর্থিক সহায়তা পাওয়ার পাশাপাশি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কাছ থেকে সামরিক অভিযানের অভিজ্ঞতা অর্জন করছে বলে ধারণা করা হয়।
উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে ১০ লাখের বেশি সদস্য রয়েছে। জনবলের দিক থেকে এটি বিশ্বের অন্যতম বৃহৎ সেনাবাহিনী। সূত্র: ইউরোনিউজ

