আসছে টেসলার চালকবিহীন সাইবার ক্যাব
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম
টেসলার সাইবার ক্যাব। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নিরাপত্তার মান পূরণ নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থার তদন্ত চললেও ২০২৬ সালের শেষ নাগাদ ক্রেতাদের কাছে চালকবিহীন গাড়ি সাইবারক্যাব বিক্রির পরিকল্পনা করছে টেসলা।
বুধবার (২১ অক্টোবর) কোম্পানির তৃতীয় প্রান্তিকের আয়বিষয়ক সম্মেলনে এ পরিকল্পনার কথা জানানো হয়।
এ সময় টেসলার ভাইস প্রেসিডেন্ট (প্রকৌশল) লার্স মোরাভি বলেন, শুরুতে সীমিতসংখ্যক ক্রেতার কাছে গাড়ি সরবরাহ করা হবে। পরে ধীরে ধীরে গ্রাহক পর্যায়ে সরবরাহ বাড়ানো হবে।
সোনালি রঙের দুই আসনবিশিষ্ট সাইবারক্যাব সম্পূর্ণ চালকবিহীনভাবে চলার উপযোগী করে তৈরি করা হয়েছে। এতে স্টিয়ারিং হুইলসহ প্রচলিত গাড়ির অন্যান্য চালনা নিয়ন্ত্রণব্যবস্থা নেই।
মোরাভি বলেন, বর্তমানে যেসব সাইবারক্যাব তৈরি করা হচ্ছে, সেগুলো টেসলার নিজস্ব রোবোট্যাক্সি বহরে যুক্ত করার জন্য। বহরের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে সীমিত পরিসরে ক্রেতাদের কাছে সম্পূর্ণ চালকবিহীন গাড়ি সরবরাহ শুরু করবে কোম্পানিটি।
তিনি আরও বলেন, চালকবিহীন গাড়ি সরবরাহ, মালিকানা ব্যবস্থাপনা ও বহর পরিচালনার অভিজ্ঞতা অর্জনের সঙ্গে সঙ্গে ধাপে ধাপে সরবরাহ বাড়ানো হবে।
টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক বহু বছর ধরে সাশ্রয়ী রোবোট্যাক্সির একটি বৃহৎ নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনার কথা বলে আসছেন। তার আগের পরিকল্পনাগুলোতে মূলত সফটওয়্যার হালনাগাদের মাধ্যমে ব্যক্তিমালিকানাধীন টেসলা গাড়িকে চালকবিহীন ট্যাক্সিতে রূপান্তরের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল।
তবে আগে যে পরিসরে এ পরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হয়েছিল, সেই মাত্রায় তা এখনো বাস্তব রূপ পায়নি। এ অবস্থায় সাইবারক্যাব বিক্রির পরিকল্পনা চালকবিহীন প্রযুক্তির জন্য বিশেষভাবে তৈরি গাড়ি বাজারজাতের দিকে টেসলার নতুন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
বর্তমানে টেসলার ‘ফুল সেলফ-ড্রাইভিং (সুপারভাইজড)’ নামের উন্নত চালক-সহায়তা ব্যবস্থা রয়েছে। এটি গাড়ি চালানোর অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে করতে পারলেও চালককে সতর্ক থাকতে হয় এবং প্রয়োজনে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়।
ব্যবস্থাটির সক্ষমতা বাড়াতে নিয়মিত সফটওয়্যার হালনাগাদ প্রকাশ করছে কোম্পানিটি। তবে এটি এখনো সম্পূর্ণ চালকবিহীন গাড়ি চালানোর ব্যবস্থা নয়। ফলে চালককে গাড়ির চলাচল পর্যবেক্ষণ করতে হয়।
বুধবারের সম্মেলনে ইলন মাস্ক বলেন, চালকের তদারকি ছাড়াই পরিচালিত ‘ফুল সেলফ-ড্রাইভিং’ প্রযুক্তি ২০২৭ সালের দ্বিতীয় প্রান্তিকে গ্রাহকদের জন্য চালু করা হতে পারে। সূত্র: সামা টিভি

