সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মাহদী আমিন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পিএম
সাংবাদিকদের ব্রিফিং করছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সোমবার (২৩ নভেম্বর) ওই বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, সংস্কারের বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট এবং নির্বাচনী ইশতেহার ও জাতীয় জুলাই সনদের প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়ন করা হবে।
মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও স্পষ্ট করেছেন যে, বিএনপি সরকার ‘নোট অব ডিসেন্ট’-এর বিষয়গুলোসহ যেভাবে নির্বাচনী ইশতেহারে এবং নির্বাচনী পথযাত্রায় জাতীয় জুলাই সনদে স্বাক্ষর করেছিল, তা পুরোপুরি বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে ন্যূনতম কোনো বিচ্যুতি নেই বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র আরও বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সরকার যেভাবে সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে এবং সরকার গঠনের পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই শতাধিক অধ্যাদেশকে আইনে রূপান্তর করা হয়েছে, তা এই প্রক্রিয়ারই প্রমাণ। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার অবশ্যই সকল সংস্কার বাস্তবায়ন করবে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে উভয় পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেছে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রয়েছে।
এর আগে সচিবালয়ে সোমবার দুপুর ১টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন বৈঠক করেন।
সেখানে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুও উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, মো. সুজাউদ্দৌলা, সহকারী প্রেস সচিব এ কে এম নাজমুল হক, প্রধানমন্ত্রী কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারি উপস্থিত ছিলেন।

