ঘাতক তুহিনের বাসাতেই মিলল আইফোন
Advertisement
সাঈদ হাসান, কুবি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আইফোনের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যা করা হয়।
রোববার দুপুরে কুমিল্লায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি জানান, এ ঘটনায় সাইফুল ইসলাম তুহিনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। তুহিনের বাসা থেকে অপ্রতিমের ব্যবহৃত আইফোনও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার জানান, জিজ্ঞাসাবাদে তুহিন স্বীকার করে যে, আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে জঙ্গলে নেওয়া হয়েছিল। তার দেওয়া তথ্য এবং পরবর্তী জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের সম্পৃক্ততার বিষয়টি সামনে আসে।
পরে তুহিনের বাসা থেকে অপ্রতিমের ব্যবহৃত আইফোনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অপ্রতিমের বাবা বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলা করেছেন।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, অপ্রতিমকে হত্যার পেছনে প্রাথমিকভাবে আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্য পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ, জিজ্ঞাসাবাদ এবং প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নেওয়া হয়েছে।
তিনি জানান, আসামিদের দেওয়া তথ্য যাচাই করা হচ্ছে। তদন্ত দ্রুত শেষ করে আদালতে অভিযোগপত্র দেওয়ার প্রস্তুতি চলছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে অপ্রতিমের মৃত্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রোববার সাধারণ শোক দিবস পালন করা হয়। স্থগিত রাখা হয় বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা। একমাত্র সন্তানকে হারিয়ে অপ্রতিমের মা ড. নাহিদা বেগম ও বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের আহাজারিতে শোকাবহ হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
