মাদ্রাসা শিক্ষকদের পে স্কেলে বেতন নিয়ে সুখবর
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নবম জাতীয় পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য অতিরিক্ত প্রায় ২ হাজার কোটি টাকা প্রয়োজন। এ অর্থ বরাদ্দ চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে চিঠি পাঠিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। তবে এখনো প্রয়োজনীয় অর্থের হিসাব পাঠায়নি কারিগরি শিক্ষা অধিদপ্তর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রটি বলছে, মাদ্রাসা অধিদপ্তর নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত প্রায় ২ হাজার কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছে। কারিগরি শিক্ষা অধিদপ্তরের তথ্য পাওয়ার পর দুই অধিদপ্তরের চাহিদা একত্র করে অর্থ বিভাগে বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হবে।
এ বিষয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব সৈয়দ মোহাম্মদ জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলে বেতন-ভাতা দিতে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে এখনো অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়নি। মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তরের জন্য যে অর্থ প্রয়োজন হবে সেটি একত্রিত করে একটি চিঠি অর্থ বিভাগে পাঠানো হবে।’
এদিকে বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়নে পৃথক আদেশ জারির জন্য অর্থ বিভাগে আবারও চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। গত সোমবার পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল সংক্রান্ত আদেশ এখনো জারি হয়নি। এ বিষয়ে পৃথক আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল বাস্তবায়নে পৃথক আদেশ জারি করা প্রয়োজন।
এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
ওই চিঠিতে বলা হয়, বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা দিতে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের জন্য অতিরিক্ত ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা এবং বেসরকারি কলেজের জন্য ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা প্রয়োজন হবে। সব মিলিয়ে অতিরিক্ত অর্থের পরিমাণ দাঁড়াবে ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা।
চিঠিতে আরও বলা হয়, শিক্ষা খাতের উন্নয়ন এবং শিক্ষক-কর্মচারীদের চাকরির সুযোগ-সুবিধা, কল্যাণ ও জীবনযাত্রার মান উন্নয়নে সরকার কাজ করছে। নতুন বেতন স্কেল বাস্তবায়ন হলে তাদের আর্থিক সুবিধা ও পেশাগত মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।
তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের অর্থের চাহিদা একত্র করে অর্থ বিভাগে প্রস্তাব পাঠানোর পরই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।
