পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেলের গেজেটে সম্প্রতি কিছু পরিবর্তন এনেছে সরকার। মূলত পেনশন, আনুতোষিক এবং অবসর-উত্তর ছুটির হিসাব আরও সহজ ও স্পষ্ট করতেই নতুন এ ব্যাখ্যাগুলো যুক্ত করা হয়েছে।
সংশোধনীতে বলা হয়েছে, গত ১ জুলাই নতুন বেতন স্কেল চালু হওয়ার পর যেসব কর্মচারী অবসর-উত্তর ছুটিতে গেছেন কিংবা সামনে যাবেন, তাদের আর্থিক সুবিধাগুলো কীভাবে হিসাব করা হবে, তা এখন থেকে সুনির্দিষ্ট নিয়মে চলবে। সেই সঙ্গে অবসরের পর ছুটি নগদায়নের বিষয়েও পরিষ্কার নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সরকারি গেজেটের অতিরিক্ত সংখ্যায় এ নির্দেশনা প্রকাশ করা হয়।
নতুন গেজেটে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ থেকে ১১ নভেম্বর নতুন আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী আহরিত মূল বেতনের ভিত্তিতে কোনো কর্মচারীর নিট পেনশন ও আনুতোষিকের দাবি নিষ্পত্তি হয়ে থাকলে, প্রযোজ্য ক্ষেত্রে তা পুনর্নির্ধারণ করতে হবে। পুনর্নির্ধারণের ফলে অতিরিক্ত অর্থ প্রাপ্য হলে তা পরিশোধ করতে হবে।
অন্যদিকে, যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি ২ জুলাই ২০২৬ বা পরবর্তী সময়ে শুরু হয়েছে বা হবে, তাদের ছুটিকালীন বেতন ও ভাতাদি জাতীয় বেতনস্কেল, ২০২৬ অনুযায়ী নির্ধারণ করা হবে। ছুটি শেষে তাদের নিট পেনশন ও আনুতোষিকও নতুন বিধানের আলোকে হিসাব করা হবে।


