বরখাস্ত হয়ে নিরপেক্ষ তদন্ত চাইলেন ঢাবি আমানুল্লাহ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের স্যানিটারি সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ তার বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন। ঘটনার দিন নিজের অবস্থান ও দাপ্তরিক কার্যক্রমের বিবরণ তুলে ধরে তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন আমানুল্লাহ।
ফেসবুক পোস্টে তিনি বলেন, প্রথমেই দৃঢ়তার সঙ্গে জানাতে চাই যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সংঘটিত ককটেল বিস্ফোরণের ঘটনার সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি এ ধরনের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করিনি, কাউকে সহযোগিতা করিনি এবং এ বিষয়ে পূর্ব থেকে কিছুই অবগত ছিলাম না। আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
ঘটনার দিন নিজের অবস্থান ও দাপ্তরিক কার্যক্রমের বিবরণ দিয়ে আমানুল্লাহ জানান, ১০ নভেম্বর ২০২৬ তারিখে সকাল ৯টায় যথারীতি অফিসে উপস্থিত হন তিনি। পরে অফিসপ্রধান এস্টেট ম্যানেজার ফাতিমা বিনতে মোস্তফার নির্দেশে সহকারী এস্টেট ম্যানেজার আব্দুর রহিম, প্রধান সহকারী মোস্তাফিজুর রহমান ও পিয়ন সুজনকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতাসংক্রান্ত তথ্য সংগ্রহের দায়িত্ব পালন করেন।
তিনি জানান, নির্দেশনা অনুযায়ী প্রথমে ইন্টারন্যাশনাল হল ও প্রভোস্ট কমপ্লেক্স, এরপর বিজনেস ফ্যাকাল্টি, কলাভবন, ডাকসু ও মধুর ক্যান্টিনসহ শাহবাগ থেকে দোয়েল চত্বর, কার্জন হল, মল চত্বর ও মুকাররম ভবনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। এ সময় যেসব স্থানে ময়লা-আবর্জনা স্তূপাকারে জমে ছিল, সেসব স্থানের ছবি ধারণ করেন এবং খাতা-কলমে স্থানগুলোর নাম ও প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করেন। দায়িত্ব পালন শেষে দুপুর ১টা ১০ মিনিটে অফিসে ফিরে আসেন।
পোস্টে আমানুল্লাহ আরও বলেন, দুপুর ১টা ২০ মিনিটে দক্ষিণ নীলক্ষেত আবাসিক এলাকায় নিজের বাসায় প্রবেশ করেন তিনি। ওই আবাসিক এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করলে বাসায় প্রবেশের সময় নিশ্চিত হওয়া যাবে।
তিনি জানান, দুপুর ২টা ৪৫ মিনিটে নিরাপত্তা কর্মকর্তা মনির তাকে ফোন করে অফিসে আসতে বলেন। ফোন পাওয়ার পর ২টা ৫০ মিনিটে বাসা থেকে বের হয়ে অফিসে যান। পরে নিরাপত্তা কর্মকর্তার একটি দাপ্তরিক প্রয়োজনে তার সঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডে যান। সেখান থেকে বিকাল আনুমানিক পৌনে ৪টার দিকে অফিসে ফেরেন।
অফিসে ফেরার পর এস্টেট ম্যানেজার তাকে ফোন করে উপাচার্যের কার্যালয়ে যেতে বলেন। তার নির্দেশনা অনুসরণ করে সেখানে গেলে শিবিরের নেতাকর্মীদের আন্দোলন করতে দেখেন বলে জানান আমানুল্লাহ। পরিস্থিতি বিবেচনায় সেখানে অবস্থান করা তার জন্য বিব্রতকর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণ হতে পারে, এমন আশঙ্কায় পরে সেখান থেকে বের হয়ে ক্যাম্পাস ত্যাগ করেন।
নিজের আত্মপক্ষ সমর্থনের বিষয়ে আমানুল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী হিসেবে দীর্ঘদিন ধরে আমি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে আসছেন। ঘটনার দিনও অফিসপ্রধানের নির্দেশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে দাপ্তরিক দায়িত্ব পালন করেছি। আমার সারাদিনের কর্মতৎপরতা, অবস্থান ও চলাচলের সময়সূচি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষ্য, অফিসের রেকর্ড, ফোনকলের তথ্য এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে যাচাই করা সম্ভব।
তিনি বলেন, কোনো ব্যক্তি কোনো স্থানে উপস্থিত ছিলেন, শুধু এই বিষয়টি অপরাধে সম্পৃক্ততার প্রমাণ হতে পারে না। ককটেল বিস্ফোরণের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ, প্রত্যক্ষ বা প্রাসঙ্গিক সাক্ষ্য এবং নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে দায় নির্ধারণ করা প্রয়োজন।
আমানুল্লাহ আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে আমি জড়িত নই। তার বিরুদ্ধে আনীত অভিযোগের সুনির্দিষ্ট কোনো প্রমাণ থাকলে তা অবহিত করে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ ও যথাযথ সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।
এ ছাড়া ঘটনার দিন তার সঙ্গে দায়িত্ব পালনকারী সহকারী এস্টেট ম্যানেজার, প্রধান সহকারী ও পিয়ন এবং নিরাপত্তা কর্মকর্তা মনিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণের আবেদন জানিয়েছেন। নিরপেক্ষ তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া না গেলে তাকে অভিযোগ থেকে অব্যাহতি এবং চাকরিসংক্রান্ত বিষয়ে ন্যায়সংগত সিদ্ধান্ত নেওয়ারও দাবি জানান তিনি।
পোস্টের শেষাংশে আমানুল্লাহ বলেন, আমি ন্যায়বিচার প্রত্যাশী। আমি কোনো অন্যায় সুবিধা চাই না; শুধু প্রকৃত সত্য উদ্ঘাটন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমার নির্দোষিতা প্রমাণের সুযোগ চাই।
উল্লেখ্য, আমানুল্লাহ জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক ছিলেন। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি হিসেবেও পরিচিত ছিলেন। এ ছাড়া ২০২৪ সালের ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে আওয়ামীপন্থি কর্মকর্তা-কর্মচারীদের একটি মিছিলে তাকে অংশ নিতে দেখা যায়।

