চুয়েটগামী বাসে হামলা-ভাঙচুর, শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
Advertisement
চুয়েট প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পিএম
ঘটনার পর বাস দুটি বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে না পেরে ফিরে যায় বলে জানা গেছে।
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুটি বাস অবরুদ্ধ করে শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ উঠেছে। এসব ঘটনায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা।
সোমবার (১২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর বাস দুটি বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে না পেরে ফিরে যায় বলে জানা গেছে। পরবর্তীতে বিকাল সোয়া ৪টার দিকে নগরীর বহদ্দারহাট এলাকায় শিক্ষার্থী বহনকারী বাস দ্বিতীয় দফায় হামলার শিকার হয়।
ভুক্তভোগী চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিরুল কুদ্দুস জানান, চলমান আন্দোলনে যোগ দিতে চট্টগ্রাম নগরের বহদ্দারহাট থেকে বিশ্ববিদ্যালয়ের একটি বাসে ওঠেন তিনি। পথে মদুনাঘাট এলাকায় বাসটি থামানো হলে পরিস্থিতি দেখতে বাস থেকে নামেন। এ সময় কাউকে ফোন করার জন্য মোবাইল বের করলে একদল লোক তাকে ঘিরে ধরে।
আমিরুল কুদ্দুস অভিযোগ করেন, তাকে হেনস্তা করার পাশাপাশি জামাকাপড় ধরে টানাটানি ও চুল ধরে টেনে মারধর করা হয়। একপর্যায়ে তাকে সেখান থেকে নিয়ে যাওয়ারও চেষ্টা করা হয়। তাকে ছাত্রলীগ ও শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার তকমা দিয়ে মারধর করা হয় বলেও দাবি করেন তিনি। পরে কয়েকজন স্থানীয় ব্যক্তি তাকে সহযোগিতা করেন এবং নিরাপদ স্থানে সরিয়ে নেন।
এদিকে, ঘটনার সময় চুয়েটগামী দুটি বাস অবরুদ্ধ করা হয় বলে জানা গেছে। বাস দুটি বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে না পেরে ফিরে যায়। এ সময় বাসে ভাঙচুর চালানোরও অভিযোগ উঠেছে। তবে বাসের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় নিন্দা জানিয়েছেন চুয়েট শিক্ষক সমিতির সদস্যরা। সোমবার বিকাল সাড়ে ৩টায় মৌন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন থেকে শহীদ মিনার প্রাঙ্গণে আসেন শিক্ষকরা। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে এক সমাবেশে শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সামিউন বাসির বলেন, আমাদের শিক্ষার্থীদের ওপর মদুনাঘাটে ন্যক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। আমরা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী—তিন সমিতির পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই।
ঘটনার প্রতিবাদে সোমবার বিকাল ৫টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছেন চুয়েটের সাবেক শিক্ষার্থীরা।
উল্লেখ্য, চুয়েটে চলমান অচলাবস্থার মধ্যে সোমবার সকাল পৌনে ৮টার দিকে প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। তাকে দুপুর ১২টার মধ্যে প্রশাসনিক ভবন ত্যাগের আলটিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে তিনি ভবন ত্যাগ না করায় শিক্ষার্থীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন এবং উপাচার্য ভবনে তালা লাগিয়ে দেন।

-6accd78a1545f.jpg)