ঢাবির ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস (মেডিকেল ও ডেন্টাল) ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তবে এ সিদ্ধান্তের কোনো প্রভাব পড়ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায়। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই বিশ্ববিদ্যালয়টির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া চার লাখের বেশি শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন না।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।
তিনি বলেন, পূর্বনির্ধারিত তারিখেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তা বাড়ানো হচ্ছে না। আগামী ২৫ নভেম্বর পর্যন্তই আবেদন করা যাবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ১১ নভেম্বর থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে। আবেদন চলবে ২৫ নভেম্বর পর্যন্ত।
পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে আগামী ৪ ডিসেম্বর ২০২৬ তারিখে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে এইচএসসি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণ এবং পুনঃপরীক্ষার (সাপ্লিমেন্টারি) বিষয় বিবেচনায় নিয়ে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরীক্ষার নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
বুধবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। পরদিন ১ নভেম্বর থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে, যা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। আগামী ২৭ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের কথা রয়েছে।

