আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধের দাবি ইবি ছাত্রশিবিরের
ইবি প্রতিনিধি
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:০৬ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
শিক্ষার্থীদের বহনকারী বাসে পেট্রলবোমা নিক্ষেপ এবং দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। মিছিল শেষে সমাবেশে আওয়ামী লীগকে চিরতরে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় সংগঠনটির শাখা সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ইমরান বিশ্বাস, অফিস সম্পাদক আব্দুস সামাদ, বায়তুল সম্পাদক মাহমুদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘ওয়ান টু থ্রী ফোর, আওয়ামী লীগ নো মোর’, ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘ককটেল বাজি করিস না, পিঠের চামড়া থাকবে না’ এবং ‘ধরি ধরি ধরি না, ধরলে শিবির ছাড়ে না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে রাশেদুল ইসলাম রাফি বলেন, সাধারণ শিক্ষার্থীদের প্রতি ছাত্রলীগের কতটা বিদ্বেষ থাকলে তারা শিক্ষার্থীদের লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে হত্যা করতে চায়। আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা যতই নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করুক না কেন, তাদের ৫ আগস্টের মতো আরেকটি পরিস্থিতির মুখোমুখি হতে হবে এবং আবারও দিল্লিতে নিক্ষিপ্ত হতে হবে।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ দেশকে জঙ্গি রাষ্ট্র ও ভারতের করদ রাজ্যে পরিণত করার চেষ্টা করেছে। একই সঙ্গে আলেম-ওলামাদের জঙ্গি হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা চালিয়েছে। এসব কর্মকাণ্ডের দায়ে দলটিকে চিরতরে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।

