ঢাবিতে যান চলাচলে নতুন বিধিনিষেধ, মোটরসাইকেলের জন্য যা যা লাগবে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানবাহন প্রবেশ ও চলাচলে নতুন বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। আগামী ২০ নভেম্বর থেকে ক্যাম্পাসে চলাচলকারী মোটরসাইকেলের জন্য নিরাপত্তা স্টিকার বাধ্যতামূলক করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের স্বাক্ষরে জারি করা পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যারা মোটরসাইকেল ব্যবহার করেন, তাদের আগামী ১৯ নভেম্বরের মধ্যে প্রক্টর বরাবর আবেদন করতে হবে।
আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট অফিসের সুপারিশ, মোটরসাইকেলের মালিকানার প্রমাণপত্র, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।
এদিকে ক্যাম্পাস ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্যদের যানবাহন প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
তবে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যানবাহন, সাংবাদিকদের গাড়ি, রাইড শেয়ারিংয়ের যানবাহন, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন কেনাকাটার পণ্যবাহী যান এবং সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাতে পারবে।
