কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সহিংসতার বিরুদ্ধে ছাত্রদলের লিফলেট বিতরণ
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), শাহবাগ ও কাটাবন এলাকায় লিফলেট বিতরণ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
বুধবার (১৮ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।
কর্মসূচিতে বিতরণ করা লিফলেটে সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, ভাঙচুর ও রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে সাধারণ জনগণকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এতে বলা হয়, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অগ্নিসংযোগ, ভাঙচুর কিংবা নাশকতার চেষ্টা করতে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।
এ ছাড়া জাতীয় সম্পদ ও জননিরাপত্তা রক্ষায় ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান, যানবাহন, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি স্থাপনার সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। অগ্নিসন্ত্রাস, গুজব, নাশকতা ও সহিংসতা প্রতিরোধে স্থানীয় জনগণ, শিক্ষার্থী ও তরুণদের সম্পৃক্ত করে উঠান বৈঠক, আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম আয়োজনের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচিতে ছাত্রদল নেতারা বলেন, রাজনৈতিক সহিংসতা ও নাশকতা প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে সাধারণ মানুষকেও সামাজিকভাবে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক আশিক সরকার ও আফজাল রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক রেজাউল করিম রাশেদ, কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলোক রহমান, জহুরুল হক হল ছাত্রদলের আহ্বায়ক সদস্য হারুনুর রশিদ, হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের আহ্বায়ক সদস্য ইসমাঈল হোসেন পারভেজসহ বিভিন্ন হলের নেতা-কর্মীরা।
