প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাবিতে ২০ টাকায় বই ও গাছ উপহার
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ব্যতিক্রমী আয়োজন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘শুভোদয়’। প্রতীকী ২০ টাকায় শিক্ষামূলক, প্রেরণামূলক ও ইতিহাসভিত্তিক বই বিক্রির পাশাপাশি প্রতিটি বইয়ের সঙ্গে পাঠকদের উপহার দেওয়া হয়েছে একটি করে গাছ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এ কর্মসূচি শুরু হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ পাঠক ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়। বৃষ্টি উপেক্ষা করেও বই সংগ্রহ করতে ভিড় করেন অনেকে।
আয়োজক সংগঠন শুভোদয়ের প্রধান সমন্বয়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল বলেন, আমরা প্রথাগত রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে তরুণ প্রজন্মের মেধা ও মনন বিকাশে কিছু করতে চেয়েছি। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর জন্মদিন স্মরণীয় করে রাখতে ২০ নভেম্বরকে প্রতীকী ধরে ২০ টাকায় শিক্ষার্থীদের উপযোগী বই বিক্রির এ উদ্যোগ নিয়েছি। বইয়ের সঙ্গে উপহার হিসেবে দিয়েছি পরিবেশবান্ধব গাছ।
তিনি আরও বলেন, বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসের সঠিক তথ্য জানার আগ্রহ ও বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। এটি তার দ্বিতীয় বর্ষের আয়োজন উল্লেখ করে শিক্ষার্থীদের ব্যাপক সাড়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি। ভবিষ্যতেও শুভোদয়ের এ ধরনের সমাজ গঠনমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
