এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যে সুপারিশ করল সংসদীয় কমিটি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা দ্রুত অনুমোদন ও কার্যকরের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বিশেষ করে দূরবর্তী স্থানে বদলির কারণে নারী শিক্ষকদের পারিবারিক ও সামাজিক সমস্যার বিষয়টি বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন কমিটির সভাপতি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এ-সংক্রান্ত সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।
সংসদীয় কমিটির সভার কার্যবিবরণী থেকে জানা গেছে, কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া শিক্ষকদের বদলির বিষয়টি আলোচনায় তোলেন। তিনি বলেন, ‘অনেক মহিলা শিক্ষক আছেন, যাদের নিজ জেলা থেকে দূরবর্তী স্থানে বদলি করার কারণে পারিবারিক সমস্যা দেখা দিয়েছে।’
তার ভাষ্য, অনেক নারী শিক্ষকের সংসার ভেঙে গেছে, অনেকের বিবাহবিচ্ছেদ হয়েছে, আবার অনেকে চাকরি পর্যন্ত ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে নারী শিক্ষকবান্ধব বদলি নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় এ বিষয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে জানতে চাওয়া হয়। জবাবে এনটিআরসিএর চেয়ারম্যান আলিফ রুদাবা বলেন, ‘শিক্ষকদের বদলির বিষয়টি এনটিআরসিএর আওতাভুক্ত নয়। বদলি ও অন্যান্য বিষয়গুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) করে থাকে।’
পরে মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, শিক্ষকদের বদলির বিষয়ে মন্ত্রণালয়ে একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে সফটওয়্যারের মাধ্যমে বদলি নীতিমালা কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে মাউশি থেকে বদলি-সংক্রান্ত একটি সফটওয়্যার প্রণয়ন করা হয়েছে।’
সংসদীয় কমিটির সুপারিশে বলা হয়েছে, শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের কার্যক্রম দ্রুত অনুমোদন করে তা কার্যকর করতে হবে।
