Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

রাজধানীতে মন্দিরের পুরোহিতকে কুপিয়ে জখম: রাতভর নির্যাতন ও মুক্তিপণ আদায়

Advertisement

Icon

​যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৫:১১ পিএম

রাজধানীতে মন্দিরের পুরোহিতকে কুপিয়ে জখম: রাতভর নির্যাতন ও মুক্তিপণ আদায়

Advertisement

রাজধানীর ওয়ারী থানা এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরীকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে রাতভর আটকে রেখে অমানবিক নির্যাতন, বিবস্ত্র করে ভিডিও ধারণ এবং পরিবারের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে।

​মঙ্গলবার সকালে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সুভাষ মাগুরা জেলার শ্রীপুর থানার শ্রীপুর গ্রামের শ্যামল দেউরীর ছেলে। তিনি বর্তমানে ওয়ারীর ১৫ নারিন্দা রোডে একটি ভাড়া বাসায় থাকেন।

​আহতের রুমমেট দুর্জয় সাহা জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সুভাষ বাসা থেকে ওষুধ কেনার উদ্দেশ্যে নারিন্দা রোডের অগ্রণী ব্যাংকের সামনে যান। সেখানে ওত পেতে থাকা ৬ থেকে ৭ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা সুভাষকে এলোপাতাড়ি কুপিয়ে মাথা, হাত ও পায়ে গুরুতর জখম করে।

​অভিযোগ উঠেছে, রক্তাক্ত করার পর দুর্বৃত্তরা সুভাষকে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে তাকে জিম্মি করে রাতভর বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়। নির্যাতনের মুখে তার মোবাইল ফোন থেকে স্বজনদের কাছে কল করে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। এ সময় প্রাণভয়ে সুভাষের রুমমেট দুর্জয় অন্তত ৬ হাজার টাকা এবং তার পরিবার আরও ২০-২৫ হাজার টাকা অপহরণকারীদের দেওয়া নম্বরে পাঠান। এছাড়া দুর্বৃত্তরা সুভাষের ব্যাংকের চেক বই ও বিভিন্ন পিনের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। সারারাত তার সামনেই দুর্বৃত্তরা মাদক সেবন করে এবং অমানবিক নির্যাতন চালায়।

ভোররাতের দিকে সুভাষের মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে তাকে তার বাসার সামনে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

সুভাষের ​রুমমেট দুর্জয় জানান, রাতে সুভাষ বাসায় না ফেরায় এবং মোবাইল ফোন বন্ধ থাকায় তারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এমনকি রাতেই বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট ওয়ারী থানাকে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়েছে। থানার একটি টিম ঘটনার তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম