বংশালে অজ্ঞাত যুবকের রহস্যজনক মৃত্যু
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর পুরান ঢাকার বংশাল কসাইটুলি জুম্মন কমিউনিটি সেন্টারের মোড় থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে অচেতন অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তানভীর হোসেন নামে এক পথচারী জানান, রাতে রিকশাযোগে যাওয়ার সময় বংশাল কসাইটুলি জুম্মন কমিউনিটি সেন্টারের মোড়ে এক যুবককে গুরুতর আহত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পথচারীরা জানান, ওই যুবকের দুটি পা ভাঙা ছিল। এছাড়া মাথার ডান পাশেও আঘাতের চিহ্ন ছিল। নিহতের পরনে ছিল কালো রঙের খাটো হাতা টি-শার্ট এবং গাঢ় লাল বা মেরুন রঙের ট্রাউজার।
তবে ওই যুবকের মৃত্যু কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যাকাণ্ড, দুর্ঘটনা নাকি আত্মহত্যা এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঢামেক ক্যাম্পের উপ পরিদর্শক এসআই মো. সেলিম হোসেন বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
