ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও দায়িত্ব নিতে হবে: প্রতিমন্ত্রী হাবিব
Advertisement
সবুজবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পিএম
বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
তিনি বলেন, প্রতিদিন অন্তত ১০ মিনিট নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কারে ব্যয় করলে সম্মিলিতভাবে ঢাকাকে ডেঙ্গুমুক্ত করা সম্ভব।
শনিবার (৩ অক্টোবর) রাজধানীর মুগদায় মশকের প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গু নিয়ন্ত্রণ, বৃক্ষরোপণ ও জনসচেতনতামূলক সমাবেশে তিনি এসব কথা বলেন।
হাবিবুর রশিদ হাবিব বলেন, ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে প্রতি শনিবারকে সিটি কর্পোরেশনের ক্লিনিং ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে শুধু সিটি কর্পোরেশন বা সরকারের একার পক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য নগরবাসীর সচেতন ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
মুগদা হাসপাতালের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ঢাকা শহরের ডেঙ্গু আক্রান্তদের একটি বড় অংশ মুগদা হাসপাতালে চিকিৎসা নিতে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্যমন্ত্রী মুগদা হাসপাতালকে স্থানীয় মানুষের পাশাপাশি ঢাকার জনগণের ডেঙ্গু চিকিৎসার দায়িত্ব দিয়েছেন।
ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের কর্মকাণ্ডের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, তিনি রাতদিন কাজ করে ডেঙ্গু নিয়ন্ত্রণের পাশাপাশি নর্দমা পরিষ্কার ও নগরবাসীর জন্য সুন্দর পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করছেন। একইভাবে নগরবাসীকেও নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে।
সমাবেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
