শিক্ষকদের মর্যাদা নিশ্চিতে যা দরকার করব: হাসনাত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম
হাসনাত আব্দুল্লাহ। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
শিক্ষকদের জীবনমান উন্নয়নে রাষ্ট্র যথেষ্ট আন্তরিক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, রাষ্ট্রীয় ব্যবস্থায় শিক্ষকদের নিয়ে তেমন কোনো ভাবনা নেই। উচ্চপদস্থ আমলা ও মন্ত্রীরা শিক্ষকদের নিয়ে বড় বড় কথা বললেও তাদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী সমন্বিত ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষকরা চান, তাদের বিভিন্ন সংকট ও সমস্যার কথা জাতীয় সংসদে তুলে ধরা হোক। অবসরপ্রাপ্ত শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের বিষয়টি এনসিপির পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে।
শিক্ষকদের রাষ্ট্রের বিবেক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আপনারা তৃতীয় শ্রেণির জীবনযাপন করেন, দ্বিতীয় শ্রেণির চাকরি করেন, অথচ প্রথম শ্রেণির নাগরিক তৈরি করেন। এটা বিশাল মহান একটা কাজ। আপনারা প্রথম শ্রেণির নাগরিক তৈরি করেন।
তিনি আরও বলেন, শিক্ষকদের সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে তাদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।
এ বিষয়ে শিক্ষকদের আশ্বস্ত করে তিনি বলেন, আপনাদের সম্মান নিশ্চিত করার স্বার্থে আমাদের জায়গা থেকে যা যা করা লাগে, আপনারা দেখতে পাবেন, আমরা তা-ই করব, ইনশাআল্লাহ।

