গোপালগঞ্জে ৭৪-এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম
রাশেদ খান। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাম্প্রতিক সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলাটিতে ভয়াবহ অচলাবস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, এসব কর্মকাণ্ডের ফলে রেল ও সড়ক যোগাযোগ, বিদ্যুৎ সরবরাহ, হাসপাতাল, ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে। সামগ্রিক পরিস্থিতিতে গোপালগঞ্জে ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষ নেমে এসেছে বলেও মন্তব্য করেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।
পোস্টে তিনি বলেন, ‘গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের সাম্প্রতিক সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনায় এক ভয়াবহ অচলাবস্থা তৈরি হয়েছে। রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে, সড়কপথে যানবাহন চলাচলে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কায় যাত্রীরা গোপালগঞ্জের ওপর দিয়ে যাতায়াত করতেও নিরাপত্তাহীনতায় ভুগছেন।’
তিনি আরও বলেন, ‘পেট্রল পাম্প, বিদ্যুৎ সরবরাহ, থানা, হাসপাতাল, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও প্রতিষ্ঠানের কার্যক্রমও স্থবির হয়ে পড়ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানকেন্দ্রিক যে বিশাল সরবরাহব্যবস্থা, সেটাও নিয়মিত চালু রাখা কঠিন হয়ে পড়েছে।’
সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও নিজেদের এখন গোপালগঞ্জে নিরাপদ মনে করছেন না এবং স্বাভাবিক দায়িত্ব পালন করা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে।’
থানায় অগ্নিসংযোগের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম ব্যাহত হচ্ছে উল্লেখ করে রাশেদ খান বলেন, ‘এ ছাড়া থানা পুড়িয়ে দেওয়ার ফলে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের স্বাভাবিক কার্যক্রম চালু করতে পারছে না। এমনকি পুনরায় হামলা ও অগ্নিসন্ত্রাসের আশঙ্কায় পুড়িয়ে দেওয়া থানাগুলোর সংস্কার কার্যক্রমও শুরু করা সম্ভব হচ্ছে না।’
এ পরিস্থিতিতে পুলিশের অনুপস্থিতিতে গোপালগঞ্জে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে বলেও দাবি করেন তিনি। পোস্টে রাশেদ খান লেখেন, ‘এতে করে পুলিশের অনুপস্থিতিতে গোপালগঞ্জ এখন নানা অপরাধ-অপকর্মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বলা যায় যে, আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও এবং ভাঙচুরের ফলে গোপালগঞ্জে এখন ৭৪-এর ন্যায় দুর্ভিক্ষ নেমে এসেছে।’
গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাশেদ খান। তিনি বলেন, ‘এমতাবস্থায় গোপালগঞ্জের এহেন অচলাবস্থা দূর করে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে গোপালগঞ্জের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে গোপালগঞ্জের সাধারণ মানুষকে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।’
তিনি আরও লেখেন, ‘গোপালগঞ্জের জনগণ যত দ্রুত এসব অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারবে, তত দ্রুত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, ইনশাআল্লাহ।’
