এবার ত্রিপুরায় দেখা মিলল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শীর্ষ ৪ নেতার
মহিউদ্দিন মিশু, আখাউড়া
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ পিএম
ভারতীয় ইন্ডিগো বিমানে তারা রাজ্যের আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে আসেন।
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের কলকাতা থেকে পেট্রাপোল-বেনাপোলের পর এবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ দলটির শীর্ষ কয়েক নেতা ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় অবস্থান করছেন বলে খবর পাওয়া গেছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ভারতীয় ইন্ডিগো বিমানে নেতারা রাজ্যের আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে আসেন। সেখান থেকে রাজ্যের রাষ্ট্রীয় অতিথিশালা সোনারতরী হোটেলে বৈঠকে বসেন বলে নির্ভয়যোগ্য সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে এরই মধ্যে তাকে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সীমান্তপথে বাংলাদেশে ফেরার আহ্বান জানিয়েছেন ত্রিপুরা রাজ্যের কয়েকজন শীর্ষ রাজনৈতিক নেতা। একই দিনে জাহাঙ্গীর কবির নানকসহ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা বিকাল ৪টায় আখাউড়া-আগরতলা সীমান্ত পরিদর্শন করেছেন।
এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির বাড়তি তৎপরতা দেখা গেছে। টহল ও মহড়া চালানোর পাশাপাশি সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবির সদস্যরা।
তাছাড়াও সীমান্তে সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্তপথে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বিজিবি।
ডিসেম্বরকে ঘিরে রোববার দুপুরে বিজিবি মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত পরিদর্শন করেন।
এ সময় বিজিবি মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী যুগান্তরকে জানান, ডিসেম্বরকে ঘিরে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দেশের প্রতিটি সীমান্তে নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, দেশের নিরাপত্তা রক্ষা এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে সীমান্তবাসী ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
এরআগে নানকসহ আওয়ামী লীগের শীর্ষ চারজন নেতা শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ পর্যালোচনা করতে রোববার সকালে কলকাতা থেকে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে যান।
অন্য নেতারা হলেন- দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম।

-6b055f9e46993.jpg)