সংসদে হইচই শুরু, যা বললেন ডেপুটি স্পিকার
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পিএম
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ভিডিও ফুটেজ থেকে নেওয়া।
|
ফলো করুন |
|
|---|---|
সংসদে মন্ত্রীর বক্তব্য চলাকালে হট্টগোল করায় সংসদ সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় তিনি প্রশ্নের জবাব মনোযোগ দিয়ে শোনার পরামর্শ দিয়ে বলেন, এইভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শোনেন।
বুধবার (১১ নভেম্বর) বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে সারের ডিলার নিয়োগ নিয়ে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের বক্তব্যের সময় সংসদে হইচই শুরু হলে ডেপুটি স্পিকার এ আহ্বান জানান।
অধিবেশনে সংসদ সদস্য মো. নুরুল আমীনের লিখিত প্রশ্নের পর সম্পূরক প্রশ্ন করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের ডিলারশিপ দেওয়া এবং নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে কৃষিমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান তিনি।
জবাবে কৃষিমন্ত্রী জানান, সারের ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে জেলা প্রশাসক। এসব কমিটি আবেদন যাচাই-বাছাই করে। পরে জেলা পর্যায়ের কমিটি তিনজনের নাম ক্রমানুসারে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় তালিকার প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে ঘোষণা করে।
মন্ত্রীর বক্তব্যের একপর্যায়ে সংসদে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা হইচই শুরু করেন। এ সময় কৃষিমন্ত্রী বলেন, আমি নতুন মন্ত্রী। বক্তব্য দেওয়ার সময় সাইড টক হলে আমার অসুবিধা হয়। আমার জবাব অপছন্দ হলে পরে আরেকটি প্রশ্ন করার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
হট্টগোল বাড়তে থাকলে ডেপুটি স্পিকার বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, সংসদ সদস্যদের যেমন কথা বলার অধিকার রয়েছে, তেমনি জবাব দেওয়ারও অধিকার রয়েছে। বিরোধী দলের সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি।
এ সময় ডেপুটি স্পিকার বলেন, মাননীয় সদস্য, মন্ত্রী সাহেব একটু থামেন। মাননীয় সদস্য, আপনারা সবাই বসেন। সবাই বসেন প্লিজ। মাননীয় সদস্য প্রশ্ন করেছেন, মাননীয় মন্ত্রী উত্তর দিচ্ছেন। উনার উত্তরে সন্তুষ্ট না হলে আমরা আরও একটা প্রশ্ন নেবো। কিন্তু এইভাবে হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন? প্লিজ ধৈর্যের সঙ্গে বসেন, উনার উত্তর শোনেন। মাননীয় মন্ত্রী, আর এদিকে এভাবে দাঁড়াবেন না প্লিজ।
পরে সংসদ সদস্যরা শান্ত হলে কৃষিমন্ত্রী তার বক্তব্য অব্যাহত রাখেন। তিনি জানান, জেলা পর্যায়ের কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ ডিলার নিয়োগের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

