মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দালালের কারাদণ্ড
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মিরপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারজনকে দুই মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই অভিযানে আরও তিনজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেল, মিরপুর-১৩ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩-এর অধীনে পরিচালিত অভিযানে কার্যালয় প্রাঙ্গণ থেকে মোট সাতজনকে আটক করা হয়। তাদের মধ্যে চারজনকে দুই মাস করে কারাদণ্ড এবং তিনজনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—মো. মিরাজ হোসেন, মো. সুজন হোসেন, মেঃ হারুন ও মো. রাশেদ হক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রটি বিআরটিএতে আসা সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত। এ ধরনের অসংখ্য অভিযোগ তাদের কাছে রয়েছে।
তিনি বলেন, ‘সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএকে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে আমাদের এ অভিযান নিয়মিত চলছে। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে।’
