শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো-৩ সার্কেলের আয়োজনে রাজউক উত্তরা মডেল কলেজে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের সঠিক ব্যবহার, গণপরিবহণে যাত্রী হিসেবে করণীয় এবং চালক ও পথচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করা হয়। সড়ক দুর্ঘটনা কমাতে চালকের পাশাপাশি যাত্রী ও পথচারীদেরও দায়িত্বশীল আচরণ, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক ব্যবহারে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় নিরাপদ সড়কের জন্য উপযুক্ত নকশা ও ব্যবস্থাপনা, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়ক ব্যবহারকারীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক জ্ঞান, সচেতনতা ও দায়িত্ববোধ গড়ে তুলতে পারলে দুর্ঘটনা প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। নিরাপদ সড়ক নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সব পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
কর্মশালায় শিক্ষার্থীরা নিরাপদ সড়ক বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত তুলে ধরে। পাশাপাশি বিআরটিএর পক্ষ থেকে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ভিডিও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা; বিআরটিএ ঢাকা বিভাগের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম; ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রুবেল হক; বিআরটিএ ঢাকা মেট্রো-৩ সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মঈনুল ইসলাম; একই সার্কেলের মোটরযান পরিদর্শক মো. হাফিজুল ইসলাম খান এবং ব্র্যাকের রোড সেফটি প্রোগ্রামের ব্যবস্থাপক মো. মাইনুল হোসেন।
শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তার সংস্কৃতি গড়ে তোলা এবং দায়িত্বশীল সড়ক ব্যবহারকারী হিসেবে প্রস্তুত করার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনার প্রত্যাশা নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
