মিরপুরে পিস্তল-গুলিসহ দুইজন গ্রেফতার
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মিরপুরে পুলিশের চেকপোস্টে থামার সংকেত অমান্য করে পালানোর চেষ্টাকালে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তাদের একজনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মশিউল আজম অরিন (৩৬) ও শান্ত ইসলাম (২৭)। শনিবার সন্ধ্যায় পল্লবী থানাধীন মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
রাতে পল্লবী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
পুলিশ জানায়, চেকপোস্টে একটি সন্দেহজনক মোটরসাইকেল থামানোর সংকেত দিলে আরোহীরা তা অমান্য করে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে তল্লাশি চালায়। এ সময় মশিউল আজম অরিনের কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, ২০২৫ সালের ২৮ মে অরিনের কাছ থেকে ডিবির মিরপুর বিভাগ একটি অস্ত্র উদ্ধার করেছিল। ওই ঘটনায় পল্লবী থানায় অস্ত্র আইনে মামলা হয়। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানা, পল্লবী থানাসহ বিভিন্ন এলাকায় ডাকাতি ও দস্যুতার অভিযোগে মোট নয়টি মামলা রয়েছে।
অন্যদিকে শান্ত ইসলামের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
