শাহজালাল বিমানবন্দরে ২ যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার তরল স্বর্ণ
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে ১২ কেজি ভেজা স্বর্ণ পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা স্বর্ণ পেস্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে এমিরেটসের ফ্লাইট ইকে৫৮৬ ঢাকায় পৌঁছানোর পর গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি চালায় ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।
কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী, নজরদারির একপর্যায়ে দুই যাত্রী চেন লিয়ুন ও মো শিয়াওয়ু ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ বেল্ট-২-এ উপস্থিত হলে তাদের তল্লাশি করা হয়। এ সময় তাদের জিন্সের প্যান্ট ও অন্তর্বাসের ভেতরে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা নরম হলুদ রঙের স্বর্ণ পেস্ট উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণ পেস্টের মোট ওজন ১২ কেজি, যা ভেজা অবস্থায় পেস্ট আকারে ছিল। প্রাথমিক বিশুদ্ধতা যাচাইয়ে এটি ২৪ ক্যারেটের স্বর্ণ বলে নিশ্চিত হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।
আটক দুই যাত্রী হলেন চেন লিয়ুন ও মো শিয়াওয়ু। এ ঘটনায় আটক স্বর্ণ ও দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।
