লালবাগ তফশিল অফিসে সরকারি নথির ওপর তরকারি, পাশেই গ্যাসের চুলায় রান্না
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম
লালবাগ তফশিল অফিসে সরকারি ভূমির নথির ওপর রান্নার সরঞ্জাম ও তরকারির পাতিল, পাশে জ্বলছে গ্যাসের চুলা। সোমবার আজিমপুরে। ছবি যুগান্তর।
|
ফলো করুন |
|
|---|---|
এক পাশে স্তূপ করে রাখা মানুষের জমির মালিকানার গুরুত্বপূর্ণ দলিল, খতিয়ান ও নামজারির নথি। অন্য পাশে জ্বলছে গ্যাসের চুলা। সেই নথির ওপরই রাখা হচ্ছে ডিমভুনার কড়াই, বটি, মসলা, পানি ও রান্নার সরঞ্জাম। অনেক কাগজে লেগে আছে তরকারির দাগ। সরকারি নথি সংরক্ষণের কক্ষটিই পরিণত হয়েছে রান্নাঘরে। সেখানে প্রতিদিন রান্না হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের খাবার। অথচ সামান্য অসতর্কতা কিংবা গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা ঘটলেই পুড়ে যেতে পারে বছরের পর বছর ধরে সংরক্ষিত গুরুত্বপূর্ণ সরকারি নথি। ঝুঁকিতে পড়তে পারেন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারাও। রাজধানীর পুরান ঢাকার আজিমপুরে লালবাগ তফশিল অফিসে চলছে এমন কাণ্ড।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, লালবাগ তফশিল অফিসের চারটি কক্ষের একটির পুরোটা জুড়ে লোহার রেক ও মেঝেতে স্তূপ করে রাখা হয়েছে বিভিন্ন শাখার ১ থেকে ২ যুগের পুরোনো খতিয়ান, নামজারি ও ভূমিসংক্রান্ত জরুরি নথিপত্র। অফিসের এক পাশে লালবাগ ভূমি অফিস, অন্য পাশে শিবপুর ভূমি অফিস। শিবপুর ভূমি অফিস রুমের ডান পাশের কক্ষেই গ্যাস সিলিন্ডার ও চুলা বসিয়ে রান্না করছেন নাসিমা নামে এক নারী। নথির ওপর রাখা হয়েছে ডিমভুনার কড়াই, বটি, মসলা, পানি ও রান্নার অন্যান্য উপকরণ; রাখা হয়েছে পাটা-পুতাও। অনেক কাগজে লেগে আছে তরকারি ও মসলার দাগ। পুরনো ও জরাজীর্ণ ভবনের এ কক্ষে নথিপত্রের পাশেই চলছে রান্নাবান্না, অথচ অগ্নিনিরাপত্তা কিংবা নথি সুরক্ষার দৃশ্যমান কোনো ব্যবস্থা নেই। ফলে সামান্য অসতর্কতা বা গ্যাস সিলিন্ডার থেকে দুর্ঘটনা ঘটলে পুড়ে যেতে পারে বছরের পর বছর ধরে সংরক্ষিত সরকারি নথি। এতে জমির মালিকানা ও নামজারিসহ ভূমিসেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের জীবনও পড়তে পারে ঝুঁকিতে। প্রশ্ন উঠেছে, সরকারি নথির নিরাপত্তা উপেক্ষা করে এভাবে রান্নার সুযোগ দিলেন কারা, আর নথিপত্র পুড়ে গেলে দায় নেবে কে?
জানা গেছে, নাসিমা প্রায় ১০ বছর ধরে ওই অফিসে বুয়া হিসেবে কাজ করছেন। কর্মকর্তা-কর্মচারীদের খাবার তৈরি ও অন্যান্য কাজের বিনিময়ে প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা পান তিনি। সকালে নাস্তা ও দুপুরে খাবার তৈরি করেন। তবে তার কোনো আনুষ্ঠানিক নিয়োগ বা রান্নার দাপ্তরিক অনুমোদন রয়েছে কিনা, তা জানা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাগ্রহীতা জানান, ভূমিসংক্রান্ত কাজে এসে প্রায়ই তারা অফিসের ভেতরে রান্না করতে দেখেন। এতে কক্ষ ধোঁয়ায় ভরে যায়। তাদের প্রশ্ন, সরকারি নথি সংরক্ষণের কক্ষে রান্নার অনুমতি দিলেন কারা? এসব নথি পুড়ে গেলে দায় নেবে কে? কর্মকর্তা-কর্মচারীদের খাবারের জন্য জনগণের সম্পদ ও জীবন ঝুঁকিতে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রান্নার কাজে নিয়োজিত নাসিমা বলেন, তিনি অল্প কয়েকদিন ধরে সেখানে রান্না করছেন। স্যাররা বলেছেন, তাই শুধু দুপুরে রান্না করেন। এসব কাগজপত্র কতটা গুরুত্বপূর্ণ, তা তিনি জানেন না। জায়গার স্বল্পতার কারণে রান্নার জিনিসপত্র ও সরঞ্জাম কাগজপত্রের ওপর রাখতে হয়েছে। নথিপত্রের পাশে রান্নার ঝুঁকি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তার কোনো দোষ নেই। অফিসের স্যারেরা তাকে রান্না করতে বলেছেন।
লালবাগ ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মহব্বত হোসেন যুগান্তরকে বলেন, তিনি তিন বছর ধরে সেখানে কর্মরত। তিন-চার মাস আগে ওই কক্ষে নথিপত্র আনা হয়েছে। তবে তিনি যোগদানের আগ থেকেই সেখানে রান্নাবান্না চলছে।
নথিপত্রের ওপর রান্নার সরঞ্জাম রাখা ও পাশে গ্যাস সিলিন্ডার জ্বালানোর ঝুঁকির বিষয়ে তিনি বলেন, ‘ভুল হয়েছে। এখানে আমাদের সবার জন্য রান্না করা হয়। এভাবে নথিপত্রের ওপর চুলা বসিয়ে রান্নার কোনো নিয়ম নেই। আগামীকাল থেকে কাগজপত্র সরানো না হওয়া পর্যন্ত রান্না বন্ধ থাকবে।’
নাসিমা তার জন্য রান্না করেন—এমন প্রশ্নে তিনি বলেন, তিনিই রান্না করতে বলেছিলেন। আরও কয়েকজনের জন্যও দুপুরের খাবার তৈরি হয়। তবে নথিপত্রের পাশে গ্যাস সিলিন্ডার ব্যবহার ঝুঁকিপূর্ণ স্বীকার করে তিনি নিজের ভুলের কথা জানান এবং এসিল্যান্ড অফিসে কথা বলে নথি সরানো পর্যন্ত রান্না বন্ধ রাখার আশ্বাস দেন।
এ বিষয়ে লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ যুগান্তরকে বলেন, ‘আমি বিষয়টি সম্পর্কে অবগত নই। খোঁজ নিয়ে আপনাকে জানাব।’ বর্তমানে একটি মিটিংয়ে রয়েছেন জানিয়ে পরে কথা বলবেন বলে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন।



