ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ঢাবিতে শিবিরের ‘কেফিয়াহ মার্চ’
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম
মিছিলটি উপাচার্যের কার্যালয়সংলগ্ন ভিসি চত্বর হয়ে নীলক্ষেত তোরণ প্রদক্ষিণ করে ভিসি চত্বর, রেজিস্ট্রার ভবনের সামনে ও হলপাড়া ঘুরে ডাকসুর সামনে গিয়ে শেষ হয়।
|
ফলো করুন |
|
|---|---|
ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কেফিয়াহ মার্চ’ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
রোববার (২৯ নভেম্বর) বিশ্ব ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপাচার্যের কার্যালয়সংলগ্ন ভিসি চত্বর হয়ে নীলক্ষেত তোরণ প্রদক্ষিণ করে। পরে ভিসি চত্বর, রেজিস্ট্রার ভবনের সামনে ও হলপাড়া ঘুরে ডাকসুর সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও ডাকসুর সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ছাত্র পরিবহণ সম্পাদক আসিফ আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিউদ্দিন খান, সেক্রেটারি কাজী আশিক ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাদিক কায়েম বলেন, ইসরাইল ও ভারতে মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। এসব নির্যাতন বন্ধ করতে হবে। তিনি ঢাকাকে বিশ্বের মানুষের জন্য একটি ‘সলিডারিটি হাব’ হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা প্রকাশ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে আসিফ আবদুল্লাহ বলেন, ফিলিস্তিনের মানুষেরও মানবাধিকার রয়েছে। তাদের অধিকার আদায়ে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত তারা।
সাজ্জাদ হোসাইন খান বলেন, ফিলিস্তিনের আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন নয়, এটি গোটা বিশ্বের মানবতার আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ফিলিস্তিনের নাগরিকদের প্রতি সংহতি জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহিউদ্দিন খান ফিলিস্তিনের মানুষের ওপর নির্যাতনের তীব্র নিন্দা জানান। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
মিছিলটি সঞ্চালনা করেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি কাজী আশিক।

-6b0c21f75e5b0.jpg)