বাংলাদেশ ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী ল' ফেস্ট সমাপ্ত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ল' ফেস্ট-২০২৬ এবং বিভাগের ৫৪তম ব্যাচের বিদায় অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে। রোববার রাতে (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাপনী আয়োজনে একাডেমিক ও ব্যবহারিক শিক্ষা, গবেষণা উপস্থাপনা, মুট কোর্ট, বিভিন্ন প্রতিযোগিতা, ক্যারিয়ারভিত্তিক কার্যক্রম এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আইন বিভাগের প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির।
স্বাগত বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এবারের ল’ ফেস্টে আইন বিভাগের পাঁচ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ অত্যন্ত উৎসাহব্যঞ্জক। শুধু আইনের তাত্ত্বিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়, ভবিষ্যৎ আইনজীবীদের ব্যবহারিক দক্ষতাও অর্জন করতে হবে। আদালতে বক্তব্য উপস্থাপন, আইনি নথি তৈরি, যুক্তি তুলে ধরা এবং কার্যকর যোগাযোগের দক্ষতা আইন পেশায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, সমাজ গঠন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইন পেশায় সততা, দায়িত্বশীলতা ও নিষ্ঠার কোনো বিকল্প নেই। একজন আইনজীবীর বক্তব্য আদালতে প্রতিপক্ষের আইনজীবী ও বিচারকের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হয়। তাই এ পেশায় যুক্ত প্রত্যেককে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল হতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আইন পেশাকে শুধু অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে বিবেচনা করা উচিত নয়। মানুষের প্রতি দায়িত্ববোধ, নৈতিকতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার এ পেশার সঙ্গে গভীরভাবে জড়িত। কর্মজীবনে নানা ধরনের মানুষ ও পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সব ক্ষেত্রে সততা ও নৈতিক অবস্থান বজায় রেখে দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান, গবেষণা, আইনি যুক্তি উপস্থাপন, ব্যবহারিক দক্ষতা, সৃজনশীলতা এবং পেশাগত প্রস্তুতির ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা ও অনুপ্রেরণার সৃষ্টি হয়েছে।
