Logo
Logo
×
   

সারাদেশ

বিপদ দেখলে বিএনপি অন্য দেশে পালিয়ে যায় না: জিকে গউছ

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম

বিপদ দেখলে বিএনপি অন্য দেশে পালিয়ে যায় না: জিকে গউছ

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে বিএনপি দলীয় প্রার্থী জিকে গউছ বলেছেন, রাষ্ট্রে যত বিপদ এসেছে বিএনপি জীবন বাজি রেখে মানুষকে আগলে রেখেছে। বিএনপির ওপরও যত বিপদ এসেছে বাংলাদেশের মানুষ নিজের বুক পেতে বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে। এটিই হচ্ছে এ দেশের মানুষের সঙ্গে বিএনপির বন্ধুত্ব। বিএনপি অন্য কোনো দেশ থেকে এসে রাজনীতি করে না। বিপদ দেখলে অন্য কোনো দেশে পালিয়েও যায় না। বিএনপির জন্ম এ দেশে, রাজনীতিও করে এ দেশে। বিএনপি সারা জীবন এদেশে থেকে মানুষের খেদমত করতে চায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জের ব্রাহ্মণডোরায় ধানের শীষের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এতে আরও বক্তৃতা করেন- ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ প্রমুখ।

মতবিনিময় সভায় জিকে গউছ বলেন, অনেকে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করেন। অনুরোধ করি বাংলাদেশের ১৮ কোটি মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের মতো নিজেরা ব্যালটের মাধ্যমে প্রকাশ করবে। যারা ছলচাতুরি করছেন, জনগণকে বোকা বানানোর চেষ্টা করছেন, তাদের অনুরোধ করি আয়নার সামনে নিজেদের চেহারা দেখুন।

তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিপক্ষে কারা অবস্থান নিয়েছিল এটি আমাদের দেশের মানুষ ভুলে যাবে না। এটি ভুলে যাওয়ার কথা নয়। ১৯৮৬ সালে স্বৈরাচার এরশাদের অপকর্মকে বৈধতা দেওয়ার জন্য পালিয়ে যাওয়া হাসিনার সঙ্গে কারা সেদিন নির্বাচনে গিয়েছিলেন। বাংলাদেশের মানুষ সেটি ভুলে যায়নি। অতএব ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে যদি টালবাহানা করেন তার জবাবও কিন্তু মানুষ ব্যালটের মাধ্যমে দেবে। হাসিনা পালিয়েছে মানুষের অধিকার কেড়ে নেওয়ার অপরাধে। মানুষ হাসিনার অপকর্ম সহ্য করতে পারেনি। তাই মানুষ রাস্তায় নেমে এসেছিল। আমরা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই।

জিকে গউছ বলেন, যদি প্রমাণ করতে পারেন অন্য অঞ্চলের চেয়ে নিজের অঞ্চলের মানুষের হৃদয় জয় করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে পারেন তবে আপনার সম্মান যেভাবে বাড়বে, তেমনি আপনার এলাকার ভোটারের সম্মানও বাড়বে। বিজয়ী যদি করতে পারেন তবে উন্নয়নের জন্য বিএনপিকে বলতে হয় না। বেগম খালেদা জিয়া, তারেক রহমান এ দেশেই জন্মগ্রহণ করেছেন। এ দেশের মানুষের চাহিদা সম্পর্কে তাদের পরিপূর্ণ ধারণা রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .