Logo
Logo
×
   

সারাদেশ

এক সপ্তাহ ধরে নিখোঁজ জুলাই যোদ্ধার বাবা

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৪ পিএম

এক সপ্তাহ ধরে নিখোঁজ জুলাই যোদ্ধার বাবা

মেহেরপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও এনসিপির মেহেরপুর জেলা কমিটির সদস্য তামিম ইসলামের বাবা কামরুল ইসলাম। তার নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন।

নিখোঁজ কামরুল ইসলাম একজন ফিলিং স্টেশন ব্যবসায়ী এবং মেহেরপুর জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক। তিনি মেহেরপুর সরকারি কলেজপাড়ার বাসিন্দা হায়দার আলীর ছেলে।

এ ঘটনায় তামিম ইসলাম মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

তামিম ইসলাম জানান, গত ৮ ডিসেম্বর তার বাবা মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। ওই সময় তার পরনে ছিল কালো রঙের প্যান্ট, লাল গেঞ্জি ও নীল রঙের ব্লেজার।

তিনি আরও জানান, নিখোঁজের পর থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এতে পরিবারটি গভীর দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধানে বিভিন্নভাবে খোঁজখবর নেওয়া হচ্ছে। তার ব্যবহৃত মোবাইল ফোনটি বর্তমানে বন্ধ রয়েছে।

অপহরণের কোনো আলামত পাওয়া গেছে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, এখনো তেমন কোনো লক্ষণ পাওয়া যায়নি। তবে দ্রুত তার সন্ধান পেতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .