Logo
Logo
×
   

সারাদেশ

ভারতে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

Icon

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম

ভারতে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তের ওপারে মেঘালয়ের কালাটেক বস্তি এলাকা থেকে বাংলাদেশি যুবক আহাদ মিয়ার (৪০) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠিয়েছে বিএসএফ।

এ ঘটনায় বাংলাদেশে নজরুল (৩৮) নামে স্থানীয় এক যুবককে পিটিয়ে আহত করে দোয়ারাবাজার থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা।

নিহত আহাদ মিয়া দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের রঘারপাড় (বন্ধুয়া বাড়ি) গ্রামের মৃত আপ্তর আলীর পুত্র। আর থানায় সোপর্দ করা নজরুল একই ইউনিয়নের দ্বীনেরটুক গ্রামের মৃত হাজি আতাউর রহমানের পুত্র। 

নিহতের বড় ভাই সাবেক ইউপি সদস্য আব্দুল কাইয়ুম (ফারুক) বলেন, আমার ছোট ভাই ব্যবসায়ী আহাদ মিয়া সহপাঠীদের আহ্বানে রোববার (১৪ ডিসেম্বর) বিকালে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। সোমবার সকালে বাড়ির খানিকটা উত্তরে জমিতে রাত ১টার দিকে আমার ভাই আহাদ মিয়ার সঙ্গে এলাকার রমজান, নজরুল ও অপর এক ব্যক্তির ধস্তাধস্তির বিষয়টি জানতে পারি।

তিনি আরও জানান, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দেশের প্রচলিত আইনে সুষ্ঠু বিচারের মাধ্যমে আমার ভাইয়ের খুনিদের ফাঁসির দাবি জানাই।

অপরদিকে স্থানীয়রা জানান, আহাদ মিয়া ছিলেন গরু-মহিষের একজন বিশিষ্ট ব্যবসায়ী। ব্যবসায়িক লেনদেনজনিত কারণে আততায়ীর হাতে তিনি নিহত হতে পারেন বলে স্থানীয়দের ধারণা। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

দোয়ারাবাজার থানার নবাগত ওসি তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .