পাঁচবিবি সীমান্তে আবারও কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১০:২০ পিএম
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ফের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টায় সতর্কাবস্থায় বিজিবি। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঘোনাপাড়া সীমান্তে পতাকা বৈঠকের ২৪ ঘণ্টা না যেতেই আবারও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। তাদের এ চেষ্টাকে রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বিজিবি’র বাধার মুখে শেষ পর্যন্ত বেড়া নির্মাণের কাজ বন্ধ করতে বাধ্য হয় বিএসএফ।
এ নিয়ে ওই সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় গ্রামবাসীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। তবে বিজিবি’র দাবি পরিস্থিতি এখন শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।
শনিবারও (২৭ ডিসেম্বর) বিএসএফ এ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল। পরে বিজিবির বাঁধায় পতাকা বৈঠকের মাধ্যমে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ হয়ে গেলে রোববার (আজ) ভোরে ঘন কুয়াশার মধ্যে বিএসএফ সদস্যরা আবারও ওই কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায়। কিন্তু বিজিবির বাঁধার কারণে আবারও তারা ব্যর্থ হয়েছে। এ অবস্থায় বিজিবি সদস্যরা ওই সীমান্ত এলাকায় টহল জোরদার করে সতর্ক অবস্থানে রয়েছে।
এ ব্যাপারে জয়পুরহাট-২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, ওই সীমান্ত পরিস্থিতি এখন শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে। আমরা কোনো অবস্থাতেই তাদের কাঁটাতারের বেড়া নির্মাণ করতে দেবো না। বর্তমানে ওই সীমান্তে বিজিবি সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সোমবার (২৯ ডিসেম্বর) এ কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়ে ভারতীয় সীমান্ত রক্ষী-বিএসএফের সঙ্গে অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক আহবান করা হয়েছে। তাতে বিএসএফ সম্মতি জানিয়েছে। হয়তো দুপুরের দিকে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে বিএসএফ ওই সীমান্তের ২৮১ নম্বর মেইন সীমান্ত পিলারের ৪৭, ৪৮ ও ৪৯ নম্বর সাব পিলার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালায়। এতে বিজিবি বাধা এবং পরে বিজিবি ও বিএসএফ এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ওই কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ বন্ধ হয়েছিল।
উল্লেখ্য কয়েক মাস আগেও এই একই সীমান্তে বিএসএফ সদস্যরা একাধিকবার এ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছিল, কিন্তু বিজিবি সদস্যদের কঠোর অবস্থানের কারণে তারা সফল হতে পারেনি।
