Logo
Logo
×

সারাদেশ

জমি নিয়ে বিরোধ হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১, আহত ২০

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০১:৩২ এএম

জমি নিয়ে বিরোধ হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১, আহত ২০

হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ইরাজ মিয়া। তিনি উপজেলার বুল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

স্থানীয় কয়েকজন জানান, উপজেলার বালিগাঁও গ্রামের ইউপি মেম্বার আলাল মিয়া এবং তার ফুফাতো ভাই তরিকুলের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। গুরুতর আহতাবস্থায় তাদের সদর আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইরাজ মিয়াকে ডাক্তার মৃত ঘোষণা করেন।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষের স্থল হাওড়বেষ্টিত দুর্গম এলাকা। খবর পেয়ে আমিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করি। অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত দুজনকে আটক করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম