Logo
Logo
×

সারাদেশ

মাদারীপুরে অভিনব কায়দায় নারীর ১১ লাখ টাকা চুরি

Icon

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম

মাদারীপুরে অভিনব কায়দায় নারীর ১১ লাখ টাকা চুরি

মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়। ছবি: সংগৃহীত

মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের ভেতর থেকে অভিনব কায়দায় এক নারীর প্রায় ১১ লাখ টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে দলিল করতে আসা এক সেবাপ্রার্থীর সঙ্গে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম মাহফুজা বেগম। তিনি মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের বল­বদী এলাকার ঠান্ডু সিপাহীর স্ত্রী।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে জমি কেনার উদ্দেশ্যে ব্যাংক থেকে ১০ লাখ ৭৫ হাজার টাকা উত্তোলন করে সাব-রেজিস্ট্রার অফিসে আসেন মাহফুজা বেগম। অফিসের ভেতরে প্রবেশের পর এক নারী ও এক পুরুষ কৌশলে তার সামনে কিছু খুচরা টাকা ও কয়েন ফেলে দেয়। এরপর তারা মাহফুজাকে সেই টাকাগুলো তুলে দেওয়ার অনুরোধ করে। সরল বিশ্বাসে তিনি নিচু হয়ে টাকাগুলো তুলতে গেলে, সেই সুযোগে পাশে রাখা টাকার ব্যাগটি নিয়ে চম্পট দেয় চক্রটি। বিষয়টি বুঝতে পেরে মাহফুজা চিৎকার করে ধাওয়া করলেও ভিড়ের মধ্যে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

কান্নাজড়িত কণ্ঠে মাহফুজা বেগম বলেন, ‘একটি সরকারি অফিসের ভেতরে এসে আমার সারাজীবনের কষ্টার্জিত টাকা খোয়ালাম। অথচ কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে এলো না। এই টাকা হারিয়ে আমি এখন একেবারে নিঃস্ব।’

এদিকে, সরকারি অফিসের ভেতরে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ ঘটনার দায় নিতে নারাজ মাদারীপুর সদর সাব-রেজিস্ট্রার মো. আমির হোসেন। তিনি বলেন, ‘টাকা পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের নয়। তাছাড়া সাব-রেজিস্ট্রার অফিসে নগদ টাকা লেনদেন করার কোনো নিয়ম নেই।’

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমরা অফিসের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছি। দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম