Logo
Logo
×
   

সারাদেশ

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুল

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৮ পিএম

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেলেন কামরুল

সুনামগঞ্জ-১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের প্রতীক ধানের শীষ পেয়েছেন বিএনপি নেতা কামরুজ্জামান কামরুল। অর্থাৎ বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে এ বিষয়টি জানানো হয়েছে মর্মে উল্লেখ রয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের বিধি ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সুনামগঞ্জ-১ আসনের জন্য কামরুজ্জামান কামরুলকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত (Final Nomination) করা হয়েছে। চিঠিটির অনুলিপি রোববার বিকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে রোববার সন্ধ্যায় কামরুজ্জামান কামরুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যুগান্তরকে চিঠির সত্যতা নিশ্চিত করে বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তাকে এ বিষয়টি জানানো হয়েছে। তাকে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় তিনি দলের শীর্ষ নেতৃত্বসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, দলের প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষকে বিজয়ী করতে দলের সবাইকে নিয়ে তিনি কাজ করবেন। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর) আসনে গত ৩  নভেম্বর প্রথম দফায় দেশের ২৩৭ আসনের প্রার্থিতা ঘোষণার সময় বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় কৃষক দলের নেতা সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হককে প্রার্থী ঘোষণা করেন। পরবর্তীতে কেন্দ্রীয় বিএনপি দলের অপর মনোনয়ন প্রত্যাশী  সাবেক তাহিরপুর উপজেলা চেয়ারম্যান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুলকেও প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। তখন বলা হয়েছিল মনোনয়ন প্রত্যাহারের পূর্বে যাকে দল থেকে প্রতীক দেওয়া হবে তিনিই হবেন ধানের শীষের চূড়ান্ত মনোনীত প্রার্থী।

এদিকে প্রথম দফায় মনোনয়ন পেয়ে সুনামগঞ্জ-১ আসনের চার উপজেলায় তার কর্মী-সমর্থকদের নিয়ে জোর প্রচারণা চালান কেন্দ্রীয় কৃষক দল নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক। রোববার দল থেকে তার অন্যতম (নিজ দলের মধ্যে) প্রতিদ্বন্দ্বী কামরুজ্জামান কামরুলকে প্রতীক বরাদ্দ দিয়ে চূড়ান্ত প্রার্থী করায় সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হকের কর্মী-সমর্থকরা তীব্র হোঁচট খেয়েছেন। অনেকেই কান্নাকাটি করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .