Logo
Logo
×

সারাদেশ

এবারের নির্বাচন জুলাই বিপ্লবের ফল: মামুনুল হক

Icon

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৩ পিএম

এবারের নির্বাচন জুলাই বিপ্লবের ফল: মামুনুল হক

বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ছবি: ‍যুগান্তর

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়।  যারা গুন্ডামি ও সন্ত্রাসী করে ক্ষমতায় যেতে চায়, তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার নির্বাচন।  যারা ক্ষমতায় গিয়ে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বেগমপাড়া বানাতে চায়, বাংলাদেশের মানুষের সম্পদ চুরি করে দুর্নীতির পাহাড় গড়তে চায়, তাদের বিরুদ্ধে এবারের নির্বাচন।  এটা হলো জুলাই বিল্পবের ফল।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের ধোবাউড়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের ময়মনসিংহ-১ আসনের নির্বাচনি গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মামুনুল হক বলেন, আজ দেশের তরুণ সমাজ ঐক্যবদ্ধ হয়েছে। রাজনীতি থেকে লুটপাটতন্ত্র, সন্ত্রাস, ভন্ডামিকে চিরতরে ঝাঁটা দিয়ে বিদায় করবে। তারা প্রমাণ করেছে যে বিপ্লবের জন্য কোনো রাজনৈতিক বড় দল বা নেতা লাগে না, ঐক্যবদ্ধ জনতা ও তরুণ সমাজই যথেষ্ট।  

এ সময় তিনি ধোবাউড়া-হালুয়াঘাটকে সম্প্রীতির এলাকা উল্লেখ করে হিন্দু খ্রিষ্টানদের যৌক্তিক দাবির পক্ষে অবস্থান নিয়ে রিকশা প্রতীকে ভোট চান।  একই সঙ্গে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। 

বাংলাদেশ খেলাফত মজলিস ধোবাউড়া উপজেলা শাখার সভাপতি বাছির উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জোটের মনোনীত প্রার্থী মাওলানা তাজুল ইসলাম, জামায়াতে ইসলামীর সাবেক প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা, খেলাফত মজলিসের প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবদুল হালিম, সাবেক আমির আবদুর রশিদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয়কারী আতিকুর রহমান প্রমুখ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম