দুর্গাপুরে ভোটকেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
Advertisement
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৫ পিএম
রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
|
ফলো করুন |
|
|---|---|
রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম ও বিএনপির বিদ্রোহী রেজাউল করিমের ফুটবল প্রতীকের প্রার্থীর সমর্থকদের মধ্যে কেন্দ্রের বাইরে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা কথা কাটাকাটি ও হাতাহাতিতে রূপ নেয়।
ঘটনার সময় স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম নওপাড়া ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে, স্বতন্ত্র প্রার্থীর এক অনুসারী রাবেয়া বেগমকে সঙ্গে নিয়ে তার ছেলে শিফাত ভোট দিতে কেন্দ্রে প্রবেশের সময় বাধা দেওয়া হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ইমরান আলী অভিযোগ করে বলেন, সকাল থেকেই ধানের শীষের প্রার্থীর সমর্থকেরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকি দিয়ে আসছিলেন। এক পর্যায়ে শিফাতসহ কয়েকজনকে মারধর করে কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া হয়।
এ ঘটনায় ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম বলেন, এখনও পর্যন্ত নির্বাচন ভালোভাবে হচ্ছে। তবে নওপাড়া কেন্দ্র থেকে আমার একজন অনুসারীকে বের করে দেওয়া হয়েছে।
অন্যদিকে স্থানীয় বিএনপি নেতা ইয়াসিন আলী এসব অভিযোগ অস্বীকার করেন।
কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সারোয়ার হোসেন জানান, কেন্দ্রের বাইরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে এতে ভোটগ্রহণে কোনো বিঘ্ন ঘটেনি। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটগ্রহণ চলমান আছে।
দুর্গাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বর্তমানে কেন্দ্রের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

