Logo
Logo
×

সারাদেশ

খাসির মাংসের দোকানে কুকুরের মাংস বিক্রি, অতঃপর...

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ পিএম

খাসির মাংসের দোকানে কুকুরের মাংস বিক্রি, অতঃপর...

নওগাঁর ধামইরহাটে এমতাজুল ও দুলু মৌলভী নামে দুই কসাইয়ের বিরুদ্ধে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে। রোববার সকালে উপজেলার জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী বাজারে খাসির গোস্ত বিক্রয়ের দোকানে কুকুরের গোস্ত বিক্রয়ের ঘটনা ঘটেছে।

মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কুকুরের মাংস উদ্ধার করে।

স্থানীয়রা জানান, রোববার সকালে ধামইরহাট উপজেলার মঙ্গলবাড়ী বাজারের নেংড়াপীর-ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ের খাসির গোস্ত বিক্রেতা মঙ্গলবাড়ী বাজার এলাকার অলি শাহর ছেলে স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী আহমদ হোসেনের ছেলে দুলু মৌলভীবাড়ী থেকে রেগুলার গোস্ত এনে বিক্রয় করেন। সকালে তার বাড়িতে কুকুর ধরে জবাইয়ের ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে বাজারে বলাবলি করতে থাকলে দ্রুত গোস্ত ফেলে দোকান থেকে পালিয়ে যান কসাই এনতাজুল ও দুলু মৌলভী। ঘটনার পরে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় জমান।

জাহানপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রায় ২৫ কেজি জবাই করা কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে, সেগুলো অপসারণ করা হচ্ছে।

ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম